ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিহারে ‘বাহুবলী’ নেতার মেয়ের বিয়েতে আমন্ত্রণ করা হয়েছে ৪ লাখ মানুষকে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১০ ১৭:১৬:৪৪
বিহারে ‘বাহুবলী’ নেতার মেয়ের বিয়েতে আমন্ত্রণ করা হয়েছে ৪ লাখ মানুষকে বিহারে ‘বাহুবলী’ নেতার মেয়ের বিয়েতে আমন্ত্রণ করা হয়েছে ৪ লাখ মানুষকে

নিজস্ব প্রতিবেদক

মেয়ের বিয়েতে প্রায় চার লাখ অতিথিকে আমন্ত্রণ জানিয়ে আলোচনায় এসেছেন ভারতের বিহারের প্রভাবশালী বিধায়ক অনন্ত সিং। ‘বাহুবলী’ হিসেবে পরিচিত এই নেতার মেয়ের বিয়েকে ঘিরে চলছে বিশাল আয়োজন। অতিথিদের থাকা-খাওয়া থেকে শুরু করে সাজসজ্জা সবকিছুতেই রাখা হচ্ছে ব্যাপক প্রস্তুতি।

 

আগামী ২৫ নভেম্বর অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ে। পাত্র ঋষিকেশ কুমার। বিহারের পাটনা জেলার মোকামা এলাকার লাদমা গ্রামে অনন্ত সিংয়ের পৈতৃক বাড়িতে বিয়ের মূল অনুষ্ঠান হবে।

 

বিয়েতে প্রায় চার লাখ মানুষের আপ্যায়নের ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য বিশাল প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। প্যান্ডেল ও বর-কনের মালাবদলের মঞ্চ তৈরির দায়িত্ব পেয়েছেন উত্তর প্রদেশের মউ জেলা থেকে আসা কারিগরেরা। আগামী ২০ নভেম্বরের মধ্যে এসব কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

 

অনুষ্ঠানে ভিভিআইপি অতিথিদের জন্য থাকছে আলাদা প্যান্ডেল। বর-কনের জন্য নির্মাণ করা হচ্ছে ১০০ ফুট দীর্ঘ পাকা মঞ্চ। এটি সাজাতে ব্যবহার করা হবে ১৫ টন অলংকার। ওই মঞ্চেই বসবেন শিবাঙ্গী ও ঋষিকেশ।

 

বিয়ের পর বরপক্ষের সঙ্গে বিহতার রামকৃষ্ণ নগরে নতুন বাড়িতে উঠবেন শিবাঙ্গী। সেখানে বিয়ের পরবর্তী বিভিন্ন আচার-অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা হবে অনন্ত সিংয়ের পৈতৃক গ্রাম লাদমায়।

 

বার্তা সংস্থা এএনআইকে অনন্ত সিং জানিয়েছেন, বিয়েতে শুধু বিহার নয়, ভারতের বিভিন্ন অঞ্চল এমনকি পাকিস্তান থেকেও অতিথিরা আসবেন। ক্ষমতাসীন দল ও বিরোধী দলের রাজনীতিবিদদের পাশাপাশি শিল্পীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও আমন্ত্রণপত্র পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

 

তবে মেয়ের বিয়ের আনন্দ আয়োজনের মাত্র ছয় দিন পরই আইনি জটিলতায় পড়তে পারেন অনন্ত সিং। দুলার চাঁদ যাদব হত্যা মামলায় আগামী ১ ডিসেম্বরের মধ্যে তাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। এর আগে গত বছরের অক্টোবরে হত্যা পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন অনন্ত সিং। চলতি বছরের মার্চে জামিনে মুক্তি পান তিনি। পরে সুপ্রিম কোর্ট তাকে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।

 

সম্প্রতি সাবেক মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জন্য নয়জনকে হত্যার পরিকল্পনা করেছিলেন বলে মন্তব্য করে বিতর্কে জড়ান অনন্ত সিং। পরে অবশ্য নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি দাবি করেন, লালুপ্রসাদ যাদবের সরকারের আমলে তার নয়জন সহযোগীকে হত্যা করা হয়েছিল এবং তাকেও গুলি করা হয়েছিল। নীতীশ কুমারের সঙ্গে যুক্ত হওয়ার কারণে তাদের ওপর হামলা হয়েছিল বলে তিনি বোঝাতে চেয়েছিলেন।

 

এদিকে অনন্ত সিংয়ের বক্তব্য থেকে নিজেদের দূরে রেখেছে নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড (জেডিইউ)। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।







 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ