টমটমের সঙ্গে সংঘর্ষে রায়হানের ডান পা ও বাম হাত গুরুতর ক্ষতিগ্রস্ত, চিকিৎসার খরচ নিয়ে দিশেহারা পরিবার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড়ের পাশে খাড়ির ব্রিজসংলগ্ন সড়কে অটো ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন রায়হান আলী। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে তাঁর ডান পা ও বাম হাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ডান পায়ের হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তিনি নওগাঁ ট্রমা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে চরম দুশ্চিন্তায় পড়েছে তাঁর পরিবার।
জানা যায়, রায়হান আলী সান্তাহার থেকে মাছ কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে হবির মোড়ের পাশের খাড়ির ব্রিজসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটো ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
প্রথমে তাঁকে হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ট্রমা ডায়াগনস্টিক সেন্টারে স্থানান্তর করা হয়। দুর্ঘটনায় তাঁর ডান পায়ের হাঁটুর মালিচাকা ও বাম হাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
রায়হানের এমন দুর্ঘটনায় পরিবারে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। বাবা-মা, স্ত্রী ও সন্তান নিয়ে তাঁর সংসার। পরিবারের উপার্জন ও স্বাভাবিক জীবনযাত্রা এখন তাঁর সুস্থতার ওপর নির্ভরশীল। দুর্ঘটনার পর চিকিৎসার ব্যয় মেটানো নিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। একদিকে স্বজনের সুস্থতা নিয়ে উদ্বেগ, অন্যদিকে চিকিৎসার অর্থ জোগাড়ের কঠিন চাপ—সব মিলিয়ে অসহায় পরিস্থিতির মুখোমুখি তাঁরা।
পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও মানবিক মানুষের কাছে রায়হানের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে।
দুর্ঘটনায় তাঁর ব্যবহৃত সুজুকি জিকসার (Suzuki Gixxer) মোটরসাইকেলটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর নওগাঁ-ল ১১-৪১২০।
রায়হানের সুচিকিৎসা নিশ্চিত করতে সমাজের সামর্থ্যবান ও সহৃদয় মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তাঁর পরিবার।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ বলেন, কোন লিখত অভিযোগ পায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : ANAMUL
কমেন্ট বক্স