ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি-বেসরকারি অংশীদারত্বে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ব্যাপক সংস্কারের পরিকল্পনা সরকারের: ড. জিয়াউদ্দিন হায়দার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৬ ২৩:১৪:৫১
সরকারি-বেসরকারি অংশীদারত্বে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ব্যাপক সংস্কারের পরিকল্পনা সরকারের: ড. জিয়াউদ্দিন হায়দার সরকারি-বেসরকারি অংশীদারত্বে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ব্যাপক সংস্কারের পরিকল্পনা সরকারের: ড. জিয়াউদ্দিন হায়দার
নিজস্ব প্রতিবেদক 
স্বাস্থ্য খাতে ব্যাপক সংস্কার এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে দেশের মানুষের জন্য মানসম্মত, সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেছেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, উপজেলা ও জেলা হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত চিকিৎসার সম্প্রসারণ এবং আধুনিক চিকিৎসাপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থাকে আধুনিক ও জনবান্ধব করার পরিকল্পনা রয়েছে সরকারের।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম বাংলাদেশ) আয়োজিত ‘Improving Patient Outcomes at Scale through Public and Private Collaboration in Bangladesh’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬-এর অংশ হিসেবে অ্যামচেম বাংলাদেশের

হেলথকেয়ার অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সাবকমিটি এ সেমিনারের আয়োজন করে। এতে সহযোগিতা করে মেডট্রনিক বাংলাদেশ। ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, স্বাস্থ্যব্যবস্থার সংস্কারে অর্থায়ন, অবকাঠামো, স্বাস্থ্যকর্মী, চিকিৎসাপ্রযুক্তি ও রেফারেল ব্যবস্থার সমন্বিত উন্নয়ন প্রয়োজন। শুধু হাসপাতাল ও যন্ত্রপাতি বাড়ানো নয়, রোগীর সঠিক রোগনির্ণয়, সময়মতো চিকিৎসা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, বাংলাদেশের মোট স্বাস্থ্যব্যয়ের বড় অংশ মানুষকে নিজের পকেট থেকে বহন করতে হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশের চলতি স্বাস্থ্যব্যয়ের প্রায় ৭৯ শতাংশ এসেছে ব্যক্তিগত ব্যয় থেকে। এ চাপ কমাতে স্বাস্থ্য খাতে সরকারি অর্থায়নের কার্যকারিতা বাড়ানো ও আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। সরকারি-বেসরকারি অংশীদারত্বে আধুনিক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক, প্রশিক্ষিত প্যারামেডিক ও জরুরি চিকিৎসাসেবা গড়ে তোলার প্রস্তাব দেন ড. হায়দার। পাশাপাশি বেসরকারি হাসপাতালের সক্ষমতা কাজে লাগিয়ে ক্যানসার, হৃদ্‌রোগ ও কিডনি রোগের বিশেষায়িত চিকিৎসা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন।

চিকিৎসাযন্ত্র ও প্রযুক্তির স্থানীয় উৎপাদন বাড়াতে বিদেশি বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও দেশীয় শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণের আহ্বান জানান তিনি। এতে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি কর্মসংস্থান ও রপ্তানির সুযোগ তৈরি হবে বলে উল্লেখ করেন। স্বাস্থ্য পর্যটন প্রসঙ্গে তিনি বলেন, দেশে আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল ও চিকিৎসাসেবা গড়ে তুলতে পারলে বিদেশমুখী রোগীর সংখ্যা কমবে। একই সঙ্গে প্রতিবেশী দেশের রোগীদের আকৃষ্ট করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, চিকিৎসক, নার্স, বায়োমেডিকেল প্রকৌশলী ও টেকনিশিয়ানদের দক্ষতা বৃদ্ধি এবং চিকিৎসাযন্ত্রের মান নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য খাতে সরকারের নেতৃত্বের পাশাপাশি বেসরকারি খাতের বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেমিনারে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও কার্ডিওলজির অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ডা. মো. আক্তার হোসেন, মেডট্রনিক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মায়াঙ্ক ত্রিপাঠী এবং স্কয়ার হাসপাতালস লিমিটেডের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মিনহাজ উদ্দিন সুলতান। আলোচনা সঞ্চালনা করেন বেকটন ডিকিনসনের বাংলাদেশ বিজনেস লিডার মির্জা সাজিব রায়হান। প্যানেল আলোচনায় স্বাস্থ্যসেবার মান, আধুনিক চিকিৎসাপ্রযুক্তির প্রাপ্যতা, চিকিৎসাযন্ত্রের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা এবং দক্ষ জনবল তৈরির বিষয় উঠে আসে। পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যামচেম বাংলাদেশের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, অ্যামচেম বাংলাদেশের নির্বাহী কমিটির

সদস্য ও হেলথকেয়ার অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সাবকমিটির পরিচালক আল-মামুন এম. রাশেল মার্কিন দূতাবাসের প্রতিনিধি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য খাতের নীতিনির্ধারক, চিকিৎসাবিশেষজ্ঞ, বেসরকারি হাসপাতাল ও চিকিৎসাপ্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ