দেশব্যাপী নিত্যপণ্যের বাজারে অভিযান, ৮২ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা
দেশব্যাপী নিত্যপণ্যের বাজারে অভিযান, ৮২ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
ফল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ দেশের ৩৩টি জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮২টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) অধিদপ্তরের ৪৪টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ, দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রি প্রতিরোধ, নকল-ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রি ঠেকানো এবং হোটেল-রেস্তোরাঁয় সংশ্লিষ্ট বিধিবিধান নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকিকালে ফলমূলে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বা নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ না করা এবং সঠিক ওজন নিশ্চিত করার বিষয়ে ব্যবসায়ীদের কড়া নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানকালে জনসচেতনতা বাড়াতে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ বাজার তদারকি কার্যক্রমে সংশ্লিষ্ট জেলা ও বিভাগের
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং স্থানীয় চেম্বার অব কমার্স ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন। অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করা,
সঠিক ওজন নিশ্চিত করা এবং বিক্রেতার কাছ থেকে রসিদ বা ভাউচার সংগ্রহের পরামর্শ দেওয়া হয়। পণ্য কেনাকাটায় কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে ১৬১২১ হটলাইন নম্বরে অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স