নারীর সক্ষমতা ও স্বাবলম্বীতাই হবে আগামীর অর্থনৈতিক ভিত্তি: ডা. জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক
কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়, নারীদের কর্মজীবনে সক্রিয় প্রবেশ এবং দীর্ঘ বিরতির পর পুনরায় কর্মক্ষেত্রে ফেরার বাস্তব সুযোগ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি উল্লেখ করেন, নারীর পূর্ণ সক্ষমতা এবং টেকসই অর্থনৈতিক স্বাবলম্বীতাই হবে আগামীর জাতীয় অর্থনীতির মূল ভিত্তি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক বিশেষ সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নারীশিক্ষার বর্তমান সংকট তুলে ধরে ডা. জুবাইদা রহমান জানান, দেশের মাধ্যমিক স্তরেই প্রায় ৩৫ শতাংশ ছাত্রী পড়াশোনা থেকে ঝরে পড়ছে, যা নারীর দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নিরাপত্তাকে মারাত্মকভাবে দুর্বল করে তুলছে। এ ছাড়া দেশের ৯০ হাজারেরও বেশি গ্রামগঞ্জের লাখ লাখ নারী এখনও জাতীয় অর্থনীতির মূলধারার বাইরে রয়ে গেছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, প্রকৃত নারী ক্ষমতায়নের জন্য শুধু শিক্ষার সুযোগ নিশ্চিত করাই যথেষ্ট নয়। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং নীতি নির্ধারণী নেতৃত্বের পর্যায় পর্যন্ত ধারাবাহিক প্রাতিষ্ঠানিক সহযোগিতার বলয় গড়ে তুলতে হবে।
জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার স্নাতক স্তর পর্যন্ত নারী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এর পাশাপাশি নারীদের বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন ও নেতৃত্বগুণ বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার।