ভাল্লুকের সঙ্গে ধাক্কা লেগে ট্রেন লাইনচ্যুত, সারা রাত আটকা যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক
জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে ভালুকের সঙ্গে সংঘর্ষের পর লাইনচ্যুত হয়েছে একটি ট্রেন। এতে ৩৪ জন যাত্রী ও ক্রু সদস্য রাতভর আটকে থাকেন। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
জাপান নিউজের বরাতে দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি আসাহিকাওয়া থেকে ওয়াক্কানাই যাচ্ছিল। পথে একটি ভালুকের সঙ্গে সংঘর্ষ হলে ট্রেনটি লাইনচ্যুত হয়। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে যাত্রীদের উদ্ধার করা হয়। সংঘর্ষে ভালুকটি বেঁচে ছিল কি না, তা জানা যায়নি।
এদিকে জাপানে সাম্প্রতিক সময়ে লোকালয়ে ভালুকের আনাগোনা বেড়েছে। বাড়িঘর, স্কুল, সুপারমার্কেট এমনকি পর্যটনকেন্দ্রেও দেখা মিলছে প্রাণীটির।
বিশেষজ্ঞদের মতে, ভালুকের সংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনে খাবারের সংকট, গ্রামাঞ্চলে জনসংখ্যা কমে যাওয়া এবং পরিত্যক্ত কৃষিজমির কারণে লোকালয়ের কাছাকাছি চলে আসছে তারা।
গত বছর জাপানে ভালুকের হামলায় রেকর্ড ১৩ জনের মৃত্যু হয়। চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রাণীটির হামলায় মারা গেছেন অন্তত পাঁচজন।