ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার রাস্তায় রাইফেল নিয়ে পুলিশের টহল শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০২ ১১:৫০:১০
অস্ট্রেলিয়ার রাস্তায় রাইফেল নিয়ে পুলিশের টহল শুরু অস্ট্রেলিয়ার রাস্তায় রাইফেল নিয়ে পুলিশের টহল শুরু

নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ার সিডনির রাস্তায় সামরিক বাহিনীর ব্যবহৃত অ্যাসল্ট রাইফেল নিয়ে টহল শুরু করেছে পুলিশের নতুন একটি ইউনিট। গত ডিসেম্বরে বন্ডাই বিচে বন্দুক হামলায় ১৫ জন নিহত হওয়ার পর নিরাপত্তা জোরদারে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ায় এ ধরনের টহল এবারই প্রথম।

 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশের নতুন এই ইউনিটের নাম ‘আর্মড রেসপন্স কমান্ড’। বড় অনুষ্ঠান, জনসমাগমপূর্ণ স্থান, ক্রীড়া আয়োজন ও উপাসনালয়ে টহল দেবে ইউনিটটি। এসব স্থানে পুলিশের উপস্থিতি দৃশ্যমান রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

গত ডিসেম্বরে সিডনির বন্ডাই বিচে ইহুদিদের একটি উৎসবের অনুষ্ঠানে দুই ব্যক্তি গুলি চালান। ইহুদিবিদ্বেষ থেকে চালানো ওই হামলায় ১৫ জন নিহত হন। হামলাকারীরা ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শে অনুপ্রাণিত ছিলেন।

 

৯ কোটি ৪০ লাখ অস্ট্রেলীয় ডলার ব্যয়ে গঠন করা হয়েছে নতুন ইউনিটটি। এতে রয়েছেন ২৫০ জন পুলিশ সদস্য। তাদের হাতে রয়েছে যুদ্ধের জন্য তৈরি অ্যাসল্ট রাইফেল। অস্ট্রেলিয়ায় ভারী অস্ত্রে সজ্জিত পুলিশের টহল বিরল হওয়ায় এ উদ্যোগকে দেশটির নিরাপত্তাব্যবস্থায় বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

 

ইউনিটটির প্রধান গোয়েন্দা সুপারিনটেনডেন্ট অ্যান্ড্রু ইভান্স বলেন, বন্ডাই বিচের হামলা দেখিয়ে দিয়েছে, কোনো সশস্ত্র অপরাধী নিরীহ মানুষের ওপর হামলা চালালে কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।

 

তিনি বলেন, নতুন ইউনিটের সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবেন। তারা উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রয়োজনীয় সরঞ্জামে সজ্জিত থাকবেন। কয়েক সেকেন্ডের মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে তারা প্রস্তুত থাকবেন।

 

তবে পুলিশের এ উদ্যোগ নিয়ে উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া। সংস্থাটি বলেছে, সিডনির রাস্তায় ভারী অস্ত্রে সজ্জিত পুলিশের টহল চালুর সিদ্ধান্ত বেশ কিছু গুরুতর প্রশ্ন তৈরি করেছে। পুলিশের কার্যক্রম ক্রমেই সামরিক রূপ নিচ্ছে কি না এবং এ ক্ষেত্রে মানবাধিকার সুরক্ষায় কী ধরনের ব্যবস্থা রয়েছে, তা খতিয়ে দেখা জরুরি।







 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ