বরিশালে এয়ারপোর্ট থানা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
বরিশালে এয়ারপোর্ট থানা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানা যুব বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী ‘শহীদ ফয়সাল আহমেদ শান্ত শ্যাডো ক্রিকেট টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে যুবক ও ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। যুব ইউনিট সভাপতি রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল
মহানগরীর কর্মপরিষদ সদস্য ও এয়ারপোর্ট থানা আমীর অধ্যাপক মাহফুজুর রহমান আমিন। প্রধান অতিথির বক্তব্যের শুরুতে তিনি যুব বিভাগের এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানান। তিনি বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। দেশের ভবিষ্যৎ বিনির্মাণে যুবকদের ভূমিকা অপরিসীম। তাই যুবসমাজকে মাদক, সন্ত্রাস, হতাশা ও সব ধরনের সামাজিক অবক্ষয় থেকে মুক্ত রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং গঠনমূলক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। তিনি আরও বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না; বরং মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা ও দলগত চেতনা তৈরি করে। এ ধরনের আয়োজন যুবকদের প্রতিভা বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তব্যে তিনি উপস্থিত যুবকদের জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য, সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যও তিনি যুবকদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, শহীদ ফয়সাল আহমেদ শান্তের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে আয়োজিত এ টুর্নামেন্টে বিভিন্ন দলের অংশগ্রহণে সপ্তাহব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান শামীম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরীর ক্রীড়া সম্পাদক আল মুইন, ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অধ্যাপক মীর মাহবুবুর রহমান, ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান তালুকদার, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন,
ছাত্রশিবিরের সাবেক মহানগর সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম ইয়ামিন, যুব ইউনিট সেক্রেটারি ইমতিয়াজ হোসাইন এবং কাশিপুর ইউনিয়ন যুব ইউনিটের সেক্রেটারি ফরহাদ হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স