অদ্ভুত গিনেস রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা ডেভিড রাশ হাতের কোনো স্পর্শ ছাড়া কেবল মুখ ব্যবহার করে এক পাত্র থেকে অন্য পাত্রে বরফের কিউব স্থানান্তর করে এক অবিশ্বাস্য ও অদ্ভুত বিশ্ব রেকর্ড গড়েছেন। একই সঙ্গে সবচেয়ে বেশি গিনেস রেকর্ড নিজের দখলে রাখার অনন্য কীর্তিও রয়েছে তার।
ডেভিড জানান, এর আগে মুখ দিয়ে বিভিন্ন রেকর্ড গড়ার অভিজ্ঞতা থাকায় তিনি ভেবেছিলেন ৩০ সেকেন্ডে মুখ দিয়ে সবচেয়ে বেশি বরফ স্থানান্তরের এই কাজটি বেশ সহজ হবে। এর আগে তিনি মুখ দিয়ে মার্সম্যালো ক্যাচ করা এবং পিংপং বল ছোঁড়ার মতো রেকর্ডও গড়েছিলেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়ম অনুযায়ী, প্রতিটি বরফের টুকরোর ওজন সর্বোচ্চ ২৫ গ্রাম (০.৮৮ আউন্স) হতে পারবে। নিয়ম মেনে প্রতিটি বরফ নির্দিষ্ট ওজনের মধ্যে রাখতে তিনি পানি পরিমাপের বিষয়টি খুব সতর্কতার সঙ্গে নিশ্চিত করেছিলেন।
তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বরফের সঠিক তাপমাত্রা ধরে রাখা। বরফ অতিরিক্ত ঠান্ডা হলে তা ঠোঁটে আটকে যাওয়ার ঝুঁকি ছিল, আবার বরফ কম ঠান্ডা হলে গলে গিয়ে ওজনে তারতম্য হতে পারত।
গত ১২ জুন নিজের আনুষ্ঠানিক প্রচেষ্টায় ডেভিড দুই ট্রে-র মধ্যে মোট ৯৯১ গ্রাম (৩৪.৯ আউন্স) বরফ স্থানান্তরিত করেন। নির্ধারিত লক্ষ্যমাত্রা সহজে ছাড়িয়ে গিয়ে তিনি সফলভাবে এই নতুন বিশ্ব রেকর্ড নিজের নামে করে নেন।