এইচএসসি ২০২৬: কেন্দুয়ায় এক কলেজে পাসের হার শূন্য
এইচএসসি ২০২৬: কেন্দুয়ায় এক কলেজে পাসের হার শূন্য
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় আটটি কলেজের মধ্যে একটিতে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এ ছাড়া আরেকটি কলেজ থেকে কোনো পরীক্ষার্থীই পরীক্ষায় অংশ নেয়নি। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। শূন্য পাসের কলেজটি হলো উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর মডেল কলেজ। কলেজটি থেকে এ বছর মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তবে ওই শিক্ষার্থীও পাস করতে পারেনি। সে গত বছর একটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল। এবারও একই বিষয়ে অকৃতকার্য হয়েছে। কলেজটি নন-এমপিওভুক্ত। এ বিষয়ে গোপালপুর মডেল কলেজের অধ্যক্ষ সুজিত কান্তি কর বলেন, শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী নয়। অনেকেই আবার গার্মেন্টসশিল্পে কাজ করতে চলে গেছে। অন্যদিকে কলেজটি এমপিওভুক্ত না
হওয়ায় খণ্ডকালীন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হয়। এতে স্বাভাবিকভাবেই পড়াশোনা ব্যাহত হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে কলেজে তিনি নিজেসহ মোট তিনজন শিক্ষক এবং দুজন কর্মচারী রয়েছেন। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৪৮ শতাংশ। অন্যদিকে কেন্দুয়া উপজেলায় গড় পাসের হার ৪৯ দশমিক ৫৫ শতাংশ, যা নেত্রকোনা জেলার সামগ্রিক পাসের হার ৪৩ দশমিক ৯১ শতাংশের চেয়ে বেশি। তবে উপজেলার একটি কলেজে শতভাগ অকৃতকার্য এবং অন্য একটি কলেজ থেকে কোনো পরীক্ষার্থী অংশ না নেওয়ার ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান ও শিক্ষা কার্যক্রমের মান নিয়ে প্রশ্ন উঠেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কলেজগুলোর প্রশাসনিক অবস্থা, পাঠদানের পরিবেশ এবং শিক্ষকদের দায়িত্বশীলতা খতিয়ে দেখা হবে। উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী বলেন, গোপালপুর মডেল কলেজের পাসের হার শূন্য। এ কলেজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে নীতিমালা অনুযায়ী শিক্ষা বোর্ড যেসব নির্দেশনা দেবে, সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স