ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেকে অ'বরো'ধ ঘিরে উ'ত্তে'জনা, ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৭ ১৯:১৫:২১
সাজেকে অ'বরো'ধ ঘিরে উ'ত্তে'জনা, ধাওয়া-পাল্টা ধাওয়া সাজেকে অবরোধ ঘিরে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফাঁকা গুলি ছোড়ার খবরও পাওয়া গেছে। একই সময়ে সাজেকের দুর্গম এলাকায় দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

 

সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলাকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়। অবরোধের কারণে সাজেক ভ্যালিতে আটকা পড়েন প্রায় তিন হাজার পর্যটক। পরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় তাঁদের নিরাপদে খাগড়াছড়িতে পাঠানো হয়।

 

অবরোধ চলাকালে বাঘাইছড়ি-সাজেক সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা দেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর পাহারায় আটকে পড়া পর্যটকদের সাজেক থেকে খাগড়াছড়িতে নেওয়ার পথে বাঘাইহাটের উজোবাজার এলাকায় তাঁদের আটকে দেওয়া হয়।

 

এ সময় অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে যৌথ বাহিনীর পাহারায় ২ হাজার ৯৩৩ জন পর্যটককে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়।

 

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সাজেক থেকে ছেড়ে আসা পর্যটকদের গাড়িবহর বাঘাইহাটের উজোবাজার এলাকায় অবরোধকারীরা আটকে দেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁরা সংঘর্ষে জড়ানোর চেষ্টা করেন। বাধা দেওয়া হলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পরে পর্যটকদের নিরাপদে সরিয়ে খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়।

 

অবরোধকারীদের দাবি, এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং চিহ্নিত সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এসব দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে।

 

এর আগে একই দাবিতে ১১ ও ১৫ অক্টোবর অবরোধ কর্মসূচি পালন করা হয়েছিল। প্রশাসনের আশ্বাস এবং দুর্গাপূজা উপলক্ষে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হয়। তবে দাবি পূরণ না হওয়ার অভিযোগে আবারও অবরোধ শুরু করেন আয়োজকেরা।

 

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে রাঙামাটি জেলা প্রশাসন সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। জরুরি গণবিজ্ঞপ্তিতে পর্যটকদের সাজেকে অবস্থান না করার এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ