জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল উপহার
জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল উপহার
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীকন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষ্যে বগুড়ায় ৫৪৮ জন মেধাবী নারী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি নারী শিক্ষার প্রসার, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সারাদেশে পর্যায়ক্রমে নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ
বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ১০২টি বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য এ বাইসাইকেল উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নারী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত সহজ ও নিরাপদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে যাতায়াতের অসুবিধার কারণে ছাত্রীদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসা বাধাগ্রস্ত হয়। বাইসাইকেল তাদের যাতায়াতের কষ্ট কমানোর পাশাপাশি পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করবে। একই সঙ্গে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, বিগত সময়েও ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উদযাপন করা হয়েছে। এমন আয়োজন আজ নতুন নয়। নারী শিক্ষার প্রসার, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে প্রধানমন্ত্রীকন্যার জন্মদিনে দেওয়া এই বাইসাইকেল শিক্ষার্থীদের চলার পথের সঙ্গী হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, নারী শিক্ষার্থীদের সুবিধা ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেমন সহজে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে পারবে, তেমনি তাদের শিক্ষাজীবন অব্যাহত রাখতেও সহায়ক পরিবেশ তৈরি হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কাউকে মনোনয়ন দেবে না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে আব্দুস সালাম নির্বাচনে অংশ নিলে তাকে সমর্থন দেওয়ার কথা বলেছিলাম।
আমার বক্তব্যে মনোনয়ন দেওয়ার বিষয়টি ছিল না। অথচ বক্তব্যটি সম্পূর্ণভাবে প্রচার করা হয়নি। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন ১০২টি বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স