কিশোরগঞ্জ-মহাখালী রুটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাস চলাচল, ভোগান্তিতে যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক
পরিবহন মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ থেকে ঢাকার মহাখালী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে এ রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে কাউন্টারে এসে বাস না পেয়ে বিপাকে পড়ছেন অনেকে।
কিশোরগঞ্জ শহরের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ঢাকার মহাখালী রুটে অনন্যা সুপার, অনন্যা ক্লাসিক, জলসিঁড়ি পরিবহন ও উজান-ভাটি এ চারটি বাস মূলত যাত্রী পরিবহন করে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, কিশোরগঞ্জের মালিকরা তাদের আগের পুরোনো বাসগুলো সরিয়ে নতুন বাস নামান। কিন্তু ঢাকার মালিকরা তাদের অংশের পুরোনো বাসগুলো পরিবর্তন করতে রাজি হননি। এই দ্বন্দ্বের মধ্যে কিশোরগঞ্জের বাস মালিক সমিতি ঢাকার মহাখালী রুটের সমস্ত বাস চলাচল বন্ধ করে দেয়।
ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা আবির ইসলাম পারভেজ বলছিলেন, পূজার ছুটি শেষে কর্মস্থল ঢাকায় যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে আসি। এখানে এসে শুনি, কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে বাস বন্ধ রাখায় চরম বিপদে পড়েছি।
নাসিমা আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, বাস চলাচল বন্ধ থাকায় ঢাকায় ফিরতে পারছি না। ছুটির পর আজকে থেকে ক্লাস শুরু হয়েছে। কিন্তু অংশ নিতে পারলাম না।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল জানান, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর যাত্রীসেবার মান উন্নয়নে পুরোনো বাস পরিবর্তন করে নতুন বাস চালুর উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে ঢাকার পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা হলে তারাও সম্মতি দেন।
তিনি বলেন, পরে কিশোরগঞ্জের মালিকরা পুরোনো বাস বদলে নতুন বাস নামালেও ঢাকার মালিকেরা পুরোনো বাস পরিবর্তন করেননি বরং এ রুটে অতিরিক্ত আরও দুটি বাস যুক্ত করেন।
এ নিয়ে বেশ কিছুদিন ধরে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল জানিয়ে তিনি বলেন, এর পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ থেকে ঢাকার মহাখালী রুটে চালাচলকারী সব বাস চলাচল বন্ধ ঘোষণা করে জেলা পরিবহন মালিক সমিতি।
এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরীন বলেন, বাস চলাচল বন্ধ কর্মসূচির বিষয়টি সূরাহার জন্য দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে আলোচনা বসবে জেলা প্রশাসন।
তবে বাস চলাচল বন্ধের বিষয়ে ঢাকার পরিবহন মালিকদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
এছাড়াও হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জরুরি কাজে ঢাকায় যেতে কাউন্টারে এসে বন্ধ দেখতে পান যাত্রীরা। এতে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। কেউ কেউ বিকল্প পথে ঢাকায় যাওয়ার চেষ্টা করছেন। তবে বিকল্প পথে যেতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ তাদের।
এদিকে, কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ থাকলেও কিশোরগঞ্জ থেকে ভৈরব হয়ে গোলাপবাগ রুটে অনন্যা সুপার ও যাতায়াত পরিবহনের বাস চলাচল চালু রয়েছে বলে জানা গেছে।