পরিবেশ সংরক্ষণ ও মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে ইউনিস্যাবের ‘প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার '
পরিবেশ সংরক্ষণ ও মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে ইউনিস্যাবের ‘প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার '
নিজস্ব প্রতিবেদক
লামিছা রহমান , রাবি পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় তরুণদের উদ্যোগ রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য উন্নয়ন ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর রাজশাহী বিভাগের আয়োজন সম্পন্ন হয়েছে ‘প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার ২.০’। গত ৩ অক্টোবর ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ আঞ্চলিক সামাজিক উদ্যোগের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৪ অক্টোবর। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসরণ করে আয়োজিত এ
কর্মসূচির মূল লক্ষ্য ছিল তরুণদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর সমাজ গঠনে ভূমিকা রাখা। পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা—এই বিষয়গুলোকে কেন্দ্র করে সাজানো হয় এবারের আয়োজন। কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর বুধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন স্বেচ্ছাসেবীরা। পাশাপাশি বিদ্যালয়ের শিশুদের জন্য ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে একটি বিশেষ সেশনের আয়োজন করা হয়। এতে পরিচ্ছন্ন পরিবেশ
বজায় রাখা, মশার প্রজননস্থল সম্পর্কে সচেতন হওয়া এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়ে শিশুদের ধারণা দেওয়া হয়। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান এবং ফুলতলা পদ্মার পাড়সহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন স্বেচ্ছাসেবীরা। এ কার্যক্রমের মাধ্যমে যত্রতত্র বর্জ্য ফেলা রোধ, জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ রক্ষায় নাগরিক দায়িত্ববোধ বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়। তরুণ শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে অনলাইনে একটি মানসিক স্বাস্থ্যবিষয়ক সেশনের আয়োজন করা হয়। এতে সাইকোচ বাংলাদেশ (Psychoch Bangladesh) থেকে একজন বক্তা অংশ নেন। সেশনে মানসিক সুস্থতার গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ ছাড়া, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় রাজশাহীর সাঁওতাল পল্লিতে একটি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন আয়োজন করা হয়। এতে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) চিকিৎসকেরা অংশ নেন এবং স্থানীয় মানুষের জন্য চিকিৎসা পরামর্শ প্রদান করেন। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যপণ্য বিতরণ করা হয়। এ উদ্যোগের লক্ষ্য ছিল স্বাস্থ্যসেবায় সীমিত সুযোগ পাওয়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখা। কর্মসূচির সমাপনী অনুষ্ঠান।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মাহবুবু র রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিস্যাবের উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. জহুরুল আনিস। অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম এবং পরিবেশ ও জনস্বাস্থ্য উন্নয়নে তরুণদের স্বেচ্ছাসেবামূলক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল গ্রোআপ (GrowUp)। বৃক্ষরোপণ সহযোগী হিসেবে চন্দ্রকলি ফাউন্ডেশন, নিরাপত্তা সহযোগী হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), কৌশলগত সহযোগী হিসেবে ইউনিস্যাব রাজশাহী অ্যালামনাই নেটওয়ার্ক, মিডিয়া পার্টনার হিসেবে বেরলো কমিউনিকেশন্স এবং রেডিও পার্টনার হিসেবে রেডিও পদ্মা কার্যক্রমটির সঙ্গে সম্পৃক্ত ছিল। উল্লেখ্য, ইউনিস্যাব মূলত দুটি ক্ষেত্রে কাজ করে—স্কিল ডেভেলপমেন্ট ও সোশ্যাল ওয়েলফেয়ার। স্কিল ডেভেলপমেন্টের আওতায় সংগঠনটির উল্লেখযোগ্য আয়োজন হলো National Youth Leadership Summit, National Talent Fest, RU Talent Hunt, UNYSAB Rise, UNYSAB Xcelerate, Next Leap ও Air Detective।
অন্যদিকে, সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রমের মধ্যে রয়েছে Eid for Street Children, Week for Humanity, Project Clean & Care ও Project Happy Birthday। এসব উদ্যোগের মাধ্যমে তরুণদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে কাজ করে যাচ্ছে ইউনিস্যাব।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স