পাকিস্তানে স্কুলের ছাদ ধসে মৃত্যু বেড়ে ২৮
নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদিাবাদ এলাকায় আল-খাইর নামের একটি বেসরকারি স্কুলের ভবন ধসে নিহতে সংখ্যা বেড়ে ২৭ জন শিক্ষার্থী এবং ১ জন শিক্ষিকাসহ অন্তত ২৮ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডনের এক প্রতিবেদনে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম ডনকে নিশ্চিত করেছেন, নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে পৌঁছেছে এবং ১৯ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির জিও নিউজকে জানিয়েছেন, উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে এবং ধ্বংসস্তূপ থেকে সবাইকে বের করে আনা হয়েছে। ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ড. মিয়ান সাইদ আহমেদ জানান, দুর্বল কাঠামোর ওপর অতিরিক্ত নির্মাণের কারণে দোতলা ভবনটির ছাদ ধসে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, উপ-প্রধানমন্ত্রী ইশাক দার এবং খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি। নেতৃবৃন্দ আহতদের উন্নত চিকিৎসা সুনিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা মান জোরদার করার নির্দেশ দিয়েছেন।
পাকিস্তানে নিম্নমানের নির্মাণসামগ্রী ও দুর্বল অবকাঠামোগত নিরাপত্তার কারণে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে থাকে। চলতি বছরেই লাহোর, উমরকোট, ডেরা গাজী খান ও ইসলামাবাদ সহ বিভিন্ন স্থানে স্কুল ও ভবনের ছাদ ধসে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে।