ঢাকা সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় এবং অবহেলা পার্কগুলো ব্যবহারের অনুপযোগী এবং অনিরাপদ- সাদিক কায়েম
নিজস্ব প্রতিবেদক
সামাজিক সংগঠন রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীতে ম্যারাথন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন এই স্লোগানকে সামনে রেখে রমনা সমাজ কল্যাণ সোসাইটির চেয়ারম্যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড (রমনা) কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমনের নেতৃত্বে অনুষ্ঠিত ম্যারাথন কর্মসূচি রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে শুরু হয়ে বেইলি রোড, মিন্টো রোড সড়ক হয়ে রমনা পার্কের ভেতরে প্রদক্ষিণ করে যমুনার সামনে এসে শেষ হয়।
ম্যারাথনে অংশগ্রহণ করেন ডাকসু ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আবু সাদিক কায়েম, বিশিষ্ট চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, ইস্কাটন সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সুমন, সেন্টার ফর এডুকেশনের চেয়ারম্যান আব্দুল মোমেন, রমনা সমাজকল্যাণ সোসাইটির সেক্রেটারি আতিকুর রহমান, ট্রেজারার আব্দুল্লাহ আল ফারুক, নির্বাহী সদস্য আকবর হোসেন, আবু আহমেদ মারুফ, সুলতান উদ্দিন, আবু মুসা। এছাড়াও রমনা সমাজকল্যাণ সোসাইটির যুব সদস্যবৃন্দসহ স্থানীয় পাঁচ শতাধিক নাগরিক ম্যারাথনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। ম্যারাথন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা, রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আবদুস সাত্তার সুমনকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, স্বাস্থ্য সুরক্ষা, সচেতনতা ও সামাজিক বন্ধন সৃষ্টি করতে ম্যারাথন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ম্যারাথন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, চায়না সরকারের আমন্ত্রণে চীনে যাওয়ার পর তিনি দেখতে পারেন সেখানকার নাগরিকেরা ফজরের আযানের পরপরই রাস্তায় বেরিয়ে আসে। তারা সুস্থতার জন্য দিনের শুরুতেই বিশাল বিশাল পার্কে বা মাঠে গিয়ে শরীর চর্চা করছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরে মানুষের সুস্থতার জন্য শরীর চর্চা করার প্রয়োজনীয় পার্ক বা মাঠ নেই। নামমাত্রে যে কয়টি পার্ক আছে সেগুলোও ঢাকা সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় এবং অবহেলা ও অযত্নে ব্যবহারের অনুপযোগী এবং অনিরাপদ। পার্ক গুলো মাদক কারবারি ও মাদকসেবীদের দখলে থাকলেও সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি বলেন, আগামীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে জনগণ আমাদেরকে নির্বাচিত করলে আমরা বিদ্যমান পার্ক গুলো মাদক কারবারি ও মাদকসেবীদের দখল থেকে মুক্ত করে জনগণের ব্যবহার উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি প্রতিটি এলাকায় একটি করে পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করবো, ইনশাআল্লাহ। আমরা চাই ঢাকাবাসীর জন্য একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য সিটি গড়ে তুলতে।
সভাপতির বক্তব্যে রমনা সমাজ কল্যাণ সোসাইটির চেয়ারম্যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড (রমনা) কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন বলেন, রমনা সমাজকল্যাণ সোসাইটি রমনাবাসীকে সচেতন করতে বিভিন্ন সচেতনতামূলক সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতা সৃষ্টি করাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষা, সচেতনতা ও সামাজিক বন্ধন সৃষ্টি করতে আমাদের আয়োজিত ম্যারাথন কর্মসূচিতে রমনাবাসীকে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে একইভাবে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধী যত বড় ক্ষমতাধর হোক না কেন জনগণের ঐক্যের সামনে কোনো অপরাধী টিকে থাকতে পারে না, পারবে না। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করে রমনাকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে তিনি স্থানীয়দের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।