ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাবির তিন অ্যাকাডেমিক ভবনে বসছে ৫ লিফট, উপাচার্যের পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৪ ২১:২৬:৪৬
রাবির তিন অ্যাকাডেমিক ভবনে বসছে ৫ লিফট, উপাচার্যের পরিদর্শন রাবির তিন অ্যাকাডেমিক ভবনে বসছে ৫ লিফট, উপাচার্যের পরিদর্শন
লামিছা রহমান রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে তিনটি অ্যাকাডেমিক ভবনে পাঁচটি লিফট স্থাপন করা হচ্ছে। এ উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ভবনগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রশাসনসংশ্লিষ্ট কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় বিজ্ঞান ভবনে দুটি, তৃতীয় বিজ্ঞান ভবনে দুটি এবং মমতাজউদ্দিন আহমেদ কলা ভবনে একটি লিফট স্থাপন করা হবে। লিফট স্থাপনের জন্য

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ইতোমধ্যে বরাদ্দ অনুমোদন পাওয়া গেছে। শিগগিরই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, “চার-পাঁচতলা ভবনে ওঠানামা করতে শিক্ষার্থী ও শিক্ষকদের অনেক সময় সমস্যায় পড়তে হয়। বিশেষ করে উঁচু ভবনগুলোতে চলাচল সহজ করতে আমরা ইউজিসির কাছে লিফট স্থাপনের আবেদন জানিয়েছিলাম। সম্প্রতি পাঁচটি লিফটের অনুমোদন পেয়েছি। এর মধ্যে দ্বিতীয় বিজ্ঞান ভবনে দুটি, তৃতীয় বিজ্ঞান ভবনে দুটি এবং মমতাজউদ্দিন আহমেদ কলা ভবনে একটি লিফট স্থাপন করা হবে।” তিনি আরও বলেন, “আমরা আরও বেশি লিফট চেয়েছিলাম, তবে আপাতত পাঁচটি অনুমোদন পেয়েছি। এর জন্য বাজেটও অনুমোদিত হয়েছে। আজ প্রকৌশল ও প্রশাসনসংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের প্রতিনিধিদের নিয়ে ভবনগুলো পরিদর্শন করেছি। লিফট স্থাপনের উপযুক্ত স্থান নির্ধারণ করাই ছিল এ পরিদর্শনের মূল উদ্দেশ্য। খুব শিগগিরই কাজ শুরু হবে।” প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলের সুবিধা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন উপাচার্য। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে শারীরিক প্রতিবন্ধকতার সম্মুখীন শিক্ষার্থীদের প্রবেশ ও চলাচলে যেন সমস্যা না হয়, সে বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। ভবিষ্যতে নতুন

অবকাঠামো নির্মাণের ক্ষেত্রেও র‌্যাম্প ও লিফটের মতো প্রয়োজনীয় সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের যেসব উঁচু ভবনে এখনো লিফট নেই, সেগুলোতেও পর্যায়ক্রমে লিফট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থী ও শিক্ষকদের চলাচল সহজ করার পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষাঙ্গনকে আরও প্রবেশগম্য করে তোলাই এসব উদ্যোগের লক্ষ্য।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ