আর্জেন্টিনার জার্সি পরা সবচেয়ে বড় সম্মান : মেসি
আপডেট সময় :
২০২৬-১০-১৩ ০১:১১:৫১
আর্জেন্টিনার জার্সি পরা সবচেয়ে বড় সম্মান : মেসি
নিজস্ব প্রতিবেদক
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দুই দশকের বেশি সময়ের পথচলার ইতি ঘটেছে। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার পর এবার প্রকাশ্যে এসেছে তার বিদায়ের মুহূর্তগুলোর কিছু অপ্রকাশিত দৃশ্য। অ্যাডিডাস প্রকাশিত একটি ভিডিওতে আর্জেন্টিনার হয়ে খেলার অভিজ্ঞতা, আবেগ আর গর্বের কথা জানিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ভিডিওতে মেসি জানিয়েছেন, আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামার প্রতিটি মুহূর্তই তার কাছে বিশেষ ছিল।
নিজের তরুণ বয়সের মেসিকে কী পরামর্শ দিতেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘উপভোগ করো। সবকিছু আরও বেশি উপভোগ করো। সত্যি বলতে, ফুটবল দুনিয়ায় যা অর্জন করেছি, সেসবের সবটা হয়তো তখন বুঝতে পারিনি।’ জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় কাটানোর স্মৃতিও তুলে ধরেছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড। মেসি বলেন, ‘এখানে আসতে আমার খুব ভালো লাগত। ২০ বছরের বেশি সময় কাটিয়েছি এখানে। তাই বিদায় নেওয়া সহজ নয়। এত বছর আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আর্জেন্টিনা।’ আর্জেন্টিনার জার্সির প্রতি নিজের ভালোবাসার কথাও স্পষ্ট করেছেন মেসি। তার ভাষায়, ‘এই জার্সি পরা এবং দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের। আমি হেরেছি, জিতেছি—কিন্তু এই জার্সি পরাটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব সময় সেভাবেই দেশের হয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।’
গত ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলেন মেসি। বিদায়ী ম্যাচে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দুটি গোলে অবদান রাখেন তিনি। জাতীয় দলের হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আর্জেন্টাইন অধিনায়ক। এইচজেএস লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবল দল
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স