ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, গুরুত্ব পাচ্ছে প্রকৃত উপকারভোগী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১২ ১৯:৩০:৪৪
আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, গুরুত্ব পাচ্ছে প্রকৃত উপকারভোগী আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, গুরুত্ব পাচ্ছে প্রকৃত উপকারভোগী
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্টদের আশা, সঠিক তথ্য সংগ্রহ ও স্বচ্ছ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সহায়তাপ্রত্যাশী পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সোমবার (১২ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আদমদীঘির সাতটি স্থানীয় প্রশাসনিক এলাকায় তথ্য সংগ্রহের জন্য সংরক্ষিত জনবলসহ মোট ১০ জন সুপারভাইজার এবং সংরক্ষিত জনবলসহ মোট ৯৫ জন তথ্য সংগ্রহকারী দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে আদমদীঘি সদর ইউনিয়নে ৪৫ দিনব্যাপী এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্য ইউনিয়ন ও পৌরসভায়ও তথ্য সংগ্রহ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম জানান, কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে উপজেলার মসজিদ ও মন্দিরে মাইকিংয়ের মাধ্যমে প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি পরিচয়পত্রধারী তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে সহায়তার অগ্রাধিকার নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কিংবা তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য কোনো ধরনের অর্থ লেনদেন করা যাবে না। এ কর্মসূচিকে কেন্দ্র করে কেউ টাকা দাবি করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তথ্য সংগ্রহকারীদেরও সততা,


দায়িত্বশীলতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করার বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রকৃত উপকারভোগী নির্বাচনই হোক কর্মসূচির মূল লক্ষ্য ফ্যামিলি কার্ড কর্মসূচির সুফল নিশ্চিত করতে তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। পরিবারের প্রকৃত আর্থিক অবস্থা যাচাই, অসচ্ছল ও সহায়তাবঞ্চিত মানুষের পরিস্থিতি বিবেচনা এবং প্রভাবমুক্তভাবে তথ্য সংগ্রহের মাধ্যমে উপকারভোগী নির্বাচনের ভিত্তি তৈরি করতে হবে। বিশেষ করে প্রবীণ, প্রতিবন্ধী, অসহায় ও ঝুঁকিপূর্ণ পরিবারের সদস্যদের তথ্য যেন বাদ না পড়ে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

একই সঙ্গে তথ্য সংগ্রহের নামে হয়রানি, অনিয়ম কিংবা অর্থ দাবির মতো ঘটনা প্রতিরোধে প্রশাসনিক নজরদারি জোরদার করা জরুরি। কোনো তথ্য নিয়ে আপত্তি থাকলে তা জানানোর সুযোগ এবং অভিযোগ যাচাইয়ের কার্যকর ব্যবস্থা থাকলে সাধারণ মানুষের আস্থা বাড়বে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সঠিক তথ্যভিত্তিক পরিকল্পনা ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে আদমদীঘিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়িত হলে প্রকৃত সহায়তাপ্রত্যাশী পরিবারগুলো উপকৃত হবে এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর হবে।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ