ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজায় দুই শতাধিক মানুষের হাতে ইস্কনের নতুন বস্ত্র
ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজায় দুই শতাধিক মানুষের হাতে ইস্কনের নতুন বস্ত্র
রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) বাংলাদেশ। এ সময় ধর্মীয় সম্প্রীতি, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে মানুষের পাশে থাকার পাশাপাশি স্থানীয়দের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। আজ বুধবার (৭ অক্টোবর) ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও এলাকার শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দির প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দুই শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে ইস্কন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও মন্দির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক ভক্তি নিতাই স্বামী মহারাজ, সহসভাপতি ভক্তি বিনয় স্বামী মহারাজ, ইস্কন বাংলাদেশের কমিউনিকেশনস বিভাগের চেয়ারম্যান হৃষিকেশ গৌরাঙ্গ দাস, ইস্কন বাংলাদেশের সহসভাপতি ও অধ্যক্ষ পুষ্প শিলা শ্যামদাস ব্রহ্মচারী এবং বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মনোরঞ্জন সিংহ। এছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাফরুল্লাহসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ধর্মীয় উৎসব কেবল পূজা-অর্চনা ও আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। উৎসবের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোও এর অন্যতম উদ্দেশ্য।
তারা বলেন, সমাজে অনেক মানুষ রয়েছেন, যারা অর্থনৈতিক সংকটের কারণে উৎসবের সময় নতুন পোশাক কিনতে পারেন না। তাদের মুখে হাসি ফোটাতে এবং উৎসবের আনন্দে সম্পৃক্ত করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। বক্তারা আরও বলেন, মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধর্ম যার যার, কিন্তু মানবিকতা সবার এই চেতনা থেকেই মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স