ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুকৃবি প্রতিনিধি

খুকৃবিতে ওবিই কারিকুলাম বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

MD RAJIBUL HOSAIN TANIM
আপডেট সময় : ২০২৬-১০-০৭ ১৯:৪৬:১৯
খুকৃবিতে ওবিই কারিকুলাম বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু খুকৃবিতে ওবিই কারিকুলাম বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর ও দক্ষ কৃষিবিদ তৈরির ওপর গুরুত্ব খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) ‘Design and Implementation of Outcome Based Education (OBE) Curriculum’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষি শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সময়োপযোগী ও দক্ষ কৃষিবিদ তৈরির লক্ষ্যকে সামনে রেখে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ চলবে ৭ ও ৮ অক্টোবর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল হোসাইন এবং খুকৃবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুকৃবির আইকিউএসি পরিচালক (ভারপ্রাপ্ত) ড. এম এ হান্নান। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক কৃষকদের প্রাতিষ্ঠানিক সহায়তার আওতায় এনে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কৃষকদের জন্য সরকারের প্রস্তাবিত কৃষি কার্ডের বিভিন্ন সুবিধার কথা তুলে ধরে বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সেবার সঙ্গে যুক্ত করা গেলে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি তাঁদের আয়ও বাড়ানো সম্ভব। দক্ষিণাঞ্চলের কৃষি অর্থনীতির সম্ভাবনার কথা তুলে ধরে তিনি খুলনা ও বরিশালসহ দক্ষিণাঞ্চলে সূর্যমুখী চাষের পাশাপাশি মধু চাষ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। সূর্যমুখী ও মধু চাষ সমন্বিতভাবে পরিচালনা করা গেলে কৃষকদের জন্য তা আরও লাভজনক হতে পারে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, একটি অঞ্চলে কৃষির বিকাশ ঘটলে কৃষিযন্ত্র, আধুনিক প্রযুক্তি, কৃষি উপকরণ ও সংশ্লিষ্ট সেবার চাহিদা বাড়ে। ফলে কৃষির উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রযুক্তিনির্ভর কৃষিসেবারও বিস্তার ঘটে। পাশাপাশি অনাবাদি ও লবণাক্ততাপ্রবণ জমিতে উপযোগী ফসলের আবাদ সম্প্রসারণের মাধ্যমে দক্ষিণাঞ্চলের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর তিনি গুরুত্ব দেন। কৃষি শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের জন্য ভাষা শিক্ষার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার বলেন, “খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব কৃষির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রযুক্তি ও উদ্ভাবনকে কাজে লাগিয়ে কৃষিকে এগিয়ে নিতে হবে।” তিনি জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা এবং মাঠপর্যায়ে এসব প্রযুক্তির কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ ও যোগ্য কৃষিবিদ তৈরিতে কৃষি শিক্ষাব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেন। উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতাকে বাস্তবমুখী করে তুলতে আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ওবিই শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নির্দিষ্ট দক্ষতা ও কাঙ্ক্ষিত শিখনফল অর্জনে সহায়তা করে। বৈশ্বিক পরিসরে শিক্ষার্থীদের সক্ষমতা বাড়াতে তৃতীয় ভাষা শেখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। দুই দিনব্যাপী প্রশিক্ষণে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (BNQF), ওবিই কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়ন, Course Learning Outcomes (CLOs), Programme Learning Outcomes (PLOs), উচ্চশিক্ষার ভিশন ও মিশন এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত শিখনফল অর্জনের সঙ্গে কারিকুলামের সামঞ্জস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হচ্ছে। প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে অংশ নিচ্ছেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল হোসাইন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন কবির, অধ্যাপক ড. খন্দকার মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম, অধ্যাপক ড. মোঃ রোস্তম আলী, অধ্যাপক ড. মোহাম্মদ রাইহানুল ইসলাম, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিকল্পনা ও উন্নয়ন শাখার প্রধান ড. মোহাম্মদ আশিকুর রহমান এবং এসিআই মোটরস লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মোঃ ফেরদৌস। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। আয়োজকদের আশা, প্রশিক্ষণের মাধ্যমে ওবিই কারিকুলাম প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে। এর মাধ্যমে খুকৃবির শিক্ষা কার্যক্রমে গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি পরিবর্তনশীল বিশ্বের চাহিদা অনুযায়ী দক্ষ, যোগ্য ও বৈশ্বিক সক্ষমতাসম্পন্ন কৃষিবিদ তৈরির প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।


নিউজটি আপডেট করেছেন : MD RAJIBUL HOSAIN TANIM

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ