মরহুম মনজুরুল হক মৃধা মাস্টারের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল
মরহুম মনজুরুল হক মৃধা মাস্টারের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল
মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামের মৃধা বাড়িতে মরহুম মনজুরুল হক মৃধা মাস্টারের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় মরহুমের নিজ উঠানেই স্মৃতিময় পরিবেশে তাঁর সন্তানদের উদ্যোগে আয়োজন করা হয় এ মাহফিলের। প্রিয় শিক্ষক ও সমাজহিতৈষী এই মানুষটিকে স্মরণ করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষসহ কয়েকশত লোক উপস্থিত হন। পুরো এলাকা জুড়ে ছিল এক আবেগঘন, নীরব শ্রদ্ধা আর স্মৃতিচারণের আবহ।
অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। ইফতারের পূর্বে উপস্থিত বক্তারা তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবন, সততা, মানবিকতা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে স্মরণ করেন। অনেকেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁকে একজন আদর্শ শিক্ষক, সৎ ও পরোপকারী মানুষ এবং সমাজের আলোকবর্তিকা হিসেবে অভিহিত করা হয়,যাঁর আদর্শ আজও এলাকাবাসীর হৃদয়ে জ্বলছে প্রদীপের মতো।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মরহুমের সুযোগ্য সন্তান, হোসেনপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জিনারী ইউনিয়ন পরিষদের সাবেক বার বার নির্বাচিত প্যানেল চেয়ারম্যান আমিনুল হক মাখন মৃধা। পিতার স্মৃতিচারণ করতে গিয়ে তিনিও আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সকলের কাছে তাঁর পিতার জন্য দোয়া কামনা করেন।
মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করেন। উপস্থিত মুসল্লিরা অশ্রুসিক্ত নয়নে দোয়ায় শরিক হন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। প্রিয় শিক্ষককে স্মরণে রেখে এমন আয়োজন এলাকাবাসীর মাঝে সৃষ্টি করে এক গভীর মানবিক বন্ধন ও অনির্বচনীয় আবেগের পরিবেশ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স