সাইফি রহমানের উদ্যোগে রাজশাহীতে এক ঘন্টায় ৬০০ গাছের চারা রোপণ

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ১২:৫৭:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০১:০০:০৮ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

পরিকল্পিত নগরায়নের পাশাপাশি সবুজ ও বাসযোগ্য নগর গড়ার প্রত্যয়ে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গায় এক ঘণ্টায় ৬০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। তরুণ উদ্যোক্তা ও সফটওয়্যার প্রকৌশলী সাইফি রহমানের উদ্যোগে রোববার বিকেলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) প্রান্তিক আবাসিক এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শুরু হওয়া কর্মসূচিতে

আবাসিক এলাকার বিভিন্ন স্থানে নানা প্রজাতির ৬০০টি চারা রোপণ করা হয়। এতে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে সাইফি রহমান বলেন, পরিকল্পিত আবাসিক এলাকার উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করাও জরুরি। নগরায়নের কারণে দিন দিন সবুজের পরিমাণ কমে আসছে। এ অবস্থায় নগরের বিভিন্ন এলাকায় বেশি করে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। তিনি বলেন, শুধু ভবন ও সড়ক নির্মাণ করে পরিকল্পিত নগর গড়ে তোলা সম্ভব নয়। এর পাশাপাশি পর্যাপ্ত সবুজায়ন নিশ্চিত করতে হবে। নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য নগর গড়তে

আমাদের সবাইকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে। কর্মসূচিতে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন। তিনি বলেন, নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে। পরিকল্পিত আবাসিক এলাকায় পর্যাপ্ত সবুজায়ন নিশ্চিত করা গেলে পরিবেশ যেমন সুন্দর হবে, তেমনি বাসিন্দাদের জন্য স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশও তৈরি হবে। রোপণ করা চারাগুলো শুধু লাগানোর মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্ব দেন তিনি। কর্মসূচিতে সাইফি রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন যুবদলের সারওয়ার জাহান শিবলী, মাহফুজ আলী মানিক, আতিকুল ইসলাম জনি, মোস্তাফিজুর রহমান সুমন, আ.স.ম. আশরাফুল হুদা সিয়াম ও আব্দুস সাত্তার রানা। এ ছাড়া শামীম, লাল্টু, বাঁধন, আনারুল, মোহন ও রাতুলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকেরা জানান, নগরের বিভিন্ন এলাকায় সবুজায়ন বাড়ানো ও পরিবেশ রক্ষায় এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]