আবাসিক মিটারে অটোরিকশা চার্জিং বন্ধে ডিপিডিসিকে লিগ্যাল নো'টি'শ

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ১২:১১:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ১২:১১:৫২ অপরাহ্ন

মশিউর রহমান রাসেল, বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা শহরের বিভিন্ন আবাসিক এলাকায় আবাসিক বিদ্যুৎ মিটার ব্যবহার করে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ও থ্রি-হুইলার চার্জ দেওয়ার অভিযোগ তুলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে (ডিপিডিসি) লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

 

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) ‘ভেহিকল অ্যালায়েন্স ফর রোড সেফটি’র পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. নাজমুল হাসান এ নোটিশ পাঠান। নোটিশে ডিপিডিসির চেয়ারম্যান/এমডিকে উদ্দেশ করে আবাসিক মিটারে অটোরিকশা চার্জিং বন্ধে বিশেষ অভিযান পরিচালনা ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

 

লিগ্যাল নোটিশে বলা হয়, ঢাকা শহরের বিভিন্ন আবাসিক এলাকায় ডিপিডিসির আবাসিক বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে বিভিন্ন গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ও থ্রি-হুইলার চার্জ দেওয়া হচ্ছে। এতে আবাসিক গ্রাহকদের জন্য নির্ধারিত বিদ্যুৎ সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে।

 

নোটিশে আরও উল্লেখ করা হয়, উচ্চ ক্ষমতার অটোরিকশা চার্জিংয়ের কারণে সংশ্লিষ্ট এলাকায় লোডের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি, ট্রান্সফরমার বিকল বা ক্ষতিগ্রস্ত হওয়া, বিদ্যুতের তার পুড়ে যাওয়া এবং শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে। এতে সাধারণ আবাসিক গ্রাহকরা বিদ্যুৎ ও নিরাপত্তাজনিত ভোগান্তিতে পড়ছেন বলে দাবি করা হয়েছে।

 

এ ছাড়া আবাসিক হারে বিদ্যুৎ ব্যবহার করে বাণিজ্যিক চার্জিং ব্যবসা পরিচালনার মাধ্যমে সরকার ও ডিপিডিসি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলেও নোটিশে অভিযোগ করা হয়। লিগ্যাল নোটিশে ডিপিডিসির আওতাধীন আবাসিক এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে আন্ডার-কনস্ট্রাকশন ভবনসহ বিভিন্ন স্থানে আবাসিক মিটারে পরিচালিত অটোরিকশা চার্জিং সংযোগ চিহ্নিত করে বিচ্ছিন্ন, সিলগালা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এ জন্য নোটিশ প্রাপ্তির ৩০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে জনস্বার্থে হাইকোর্টে Public Interest Litigation (PIL) রিট পিটিশন দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

 

অন্যদিকে, নোটিশে ঢাকা শহরের প্রধান সড়ক ও বিভিন্ন সড়কের টার্নিং পয়েন্টে অটোরিকশার সার্ভিসিং ওয়ার্কশপ এবং মেট্রোরেল স্টেশন এলাকায় অটোরিকশার অবৈধ পার্কিংয়ের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এসব কারণে সড়কে যান চলাচল ব্যাহত ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে দাবি করা হয়। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে।

 

নোটিশটি ‘হাসান এন্ড অ্যাসোসিয়েট্স’-এর পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. নাজমুল হাসান স্বাক্ষর করেন। তিনি ‘ভেহিকল অ্যালায়েন্স ফর রোড সেফটি’র আইন উপদেষ্টা হিসেবে নোটিশটি পাঠিয়েছেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]