নেপাল-তিব্বতে ব'ন্যা-ভূ'মি'ধ'সে নি'হ'ত বেড়ে ১৩৭৫, নি'খোঁ'জ ৫৫৩১

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৫:১১:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৫:১১:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
নেপাল-তিব্বতে সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৭৫ জনে দাঁড়িয়েছে। দুর্যোগের ১০ দিন পরও ৫ হাজার ৫৩১ জন নিখোঁজ রয়েছেন বলে শনিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে।

 

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) জানিয়েছে, দেশটিতে ১ হাজার ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। এখনও ৫ হাজার মানুষ নিখোঁজ, যাদের মধ্যে ৫৮৯ জন বিদেশি নাগরিক।

 

অন্যদিকে, চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত) অন্তত ৩১ জন নিহত হয়েছেন। সেখানে এখনও ৫৩১ জন নিখোঁজ রয়েছেন।

 

নেপাল ও চীনের সরকারি হিসাব অনুযায়ী, দুই দেশে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৮৫০ জন বিদেশি নাগরিক।

 

গত ২৬ আগস্ট নেপালের লাংটাং লিরুং পর্বতে প্রায় ৫ হাজার ২০০ মিটার (১৭ হাজার ৬০ ফুট) উচ্চতায় একটি হিমবাহ ভেঙে পড়ার মধ্য দিয়ে এই দুর্যোগের সূত্রপাত হয়। এতে বরফ ও পাথরের বিশাল স্তূপ নিচে নেমে এসে ব্যাপক ধ্বংসাবশেষের স্রোত তৈরি করে। পরে সেটি সীমান্তবর্তী উপত্যকাগুলো দিয়ে প্রবাহিত হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে। ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালের রাসুয়া, নুয়াকোট, ধাদিং ও কাভ্রে জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কাঠমান্ডু উপত্যকাও।

 

এদিকে, বন্যা ও ভূমিধসের ধ্বংসাবশেষে চীনের শিজাং অঞ্চলের গিরং সীমান্ত ক্রসিংও চাপা পড়ে যায়। দুর্যোগের পর থেকে নিখোঁজদের সন্ধান ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]