কেন্দুয়ায় সাংবাদিকদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৩:১২:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৩:১৭:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


গ্রাম বাংলার মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেছেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়-সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা তুলে ধরে রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরিতেও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলের মানুষের স্থির চিত্র জাতীয় পর্যায়ে তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা সম্বব।সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, নিরপেক্ষতা ও মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ইয়াসের খান চৌধুরী আরো বলেন,অপরাধী যদি ক্ষমতাসীন দলেরও হয়, তবুও তাকে কোনো ছাড় দেওয়া যাবে না। বর্তমান সরকার সাংবাদিকদের সর্বোচ্চভাবে মূল্যায়ন করছে। তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে রাষ্ট্রবিরোধী কোনো সংবাদ প্রচার করা যাবে না। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম। সভায় কেন্দুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা লিখিতভাবে তুলে ধরা হয়।

এ সময় সম্মাননা স্মারক তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সভায় কেন্দুয়া প্রেসক্লাবের সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]