আইপিএল নিলাম থেকে মুখ ফিরিয়ে নিলেন মোস্তাফিজ

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৫:৫০:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৫:৫০:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ আইপিএলে রেকর্ড মূল্যে দল পেয়েও শেষ মুহূর্তে বাদ পড়ার পর থেকেই আলোচনায় মোস্তাফিজুর রহমান। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার ঘটনার পর আসন্ন আইপিএলের মিনি নিলামের আগেও ঘুরেফিরে আসছিল তার নাম। এমনকি কদিন আগেও জানা যাচ্ছিল, নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন এই টাইগার পেসার।

 

তবে মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত প্রাথমিক তালিকায় টাইগার পেসারের নাম ছিল না। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক নিলাম তালিকায় বাংলাদেশের ১২ জন ক্রিকেটারের নাম রয়েছে। মোস্তাফিজের না থাকার বিষয়টি বিসিবির একজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন।

 

নাম দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে কেন নাম দিলেন না মোস্তাফিজ সেই প্রশ্ন উঠতেই পারে। বিসিবির একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘নাম দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত পুরোটাই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। গত ২৩ নভেম্বর ডেডলাইন ছিল, এর মধ্যে সে রেজিস্ট্রেশন করেনি। বিসিবির হাত নেই এখানে, কারণ বিসিসিআই প্রথমে বিসিবির কাছে জানতে চায় কতজন ইচ্ছুক। এরপর বিসিবি খেলোয়াড়দের জানায়। পরবর্তীতে খেলোয়াড়রাই সবকিছু করে থাকেন।’

 

মোস্তাফিজের না থাকা কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি অন্য কিছু। বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গিয়েছে, সবশেষ আইপিএলে তাকে নিয়ে যেভাবে জলঘোলা হয়েছে বিষয়টি ভালোভাবে নেননি মোস্তাফিজ। যে কারণে হয়তো এবারের আসরে খেলতে আগ্রহ প্রকাশ করেননি তিনি।

 

প্রসঙ্গত, সর্বশেষ আইপিএল থেকে বাদ পড়ার পর পাকিস্তান সুপার লিগ পিএসএলে লাহোর কালান্দার্স লুফে নিয়েছিল টাইগার এই পেসারকে। আসন্ন পিএসএলেও হয়তো ফিজকে টুর্নামেন্টটিতে দেখা যেতে পারে। আইপিএল ও পিএসএল প্রায় একই সময়ে মাঠে গড়ানোর কথা রয়েছে।

 

এদিকে আইপিএলের মিনি নিলামের প্রাথমিক তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হচ্ছেন-হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয় ও মোহাম্মদ রুবেল।

 

প্রসঙ্গত, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল আসরের আগে ক্রিকেটবিশ্বে অন্যতম আলোচিত নাম ছিল মোস্তাফিজুর রহমান। তাকে ৯.২০ কোটি রুপিতে নিলেও রাজনৈতিক অস্থিরতায় পরে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যার রেশ ধরে বাংলাদেশ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেনি। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]