হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০২:১৯:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০২:১৯:৪৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ক্যারিয়ারের হাজারতম গোলের আরও কাছে পৌঁছে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেশাদার ফুটবল ক্যারিয়ারে নিজের ৯৮৭তম গোলটি করেছেন পর্তুগিজ এই মহাতারকা। তার পেনাল্টি থেকে করা গোলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে কাতারের ক্লাব আল সাদকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর।

 

সৌদি প্রো লিগে টানা দুটি পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হওয়ার পর এবার স্পটকিক থেকে সফল হয়েছেন রোনালদো। আল নাসরের হয়ে এটি ছিল তার তৃতীয় পেনাল্টি। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের লক্ষ্য এখন ক্যারিয়ারের হাজার গোলের মাইলফলক। সেই লক্ষ্যে পৌঁছাতে তার প্রয়োজন আর মাত্র ১৩টি গোল।

 

চলতি মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ১১টি গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

 

আল সাদের বিপক্ষে ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। এটি ছিল পেনাল্টি থেকে তার ক্যারিয়ারের ১৯৫তম গোল। পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি এ ধরনের শটে ব্যর্থতার রেকর্ডও রয়েছে তাঁর। ক্যারিয়ারে এ পর্যন্ত ৪০টি পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি।

 

অন্যদিকে, রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি পেনাল্টি থেকে ১২৬টি গোল করেছেন। মিস করেছেন ৩৭টি।

 

গোল হজমের ১০ মিনিটের মধ্যেই মোহাম্মেদ ওয়াদের গোলে সমতায় ফেরে আল সাদ। বিরতির আগে রোনালদো নিজের দ্বিতীয় গোল করলেও ভিএআরের সহায়তায় সেটিকে অফসাইড ঘোষণা করেন রেফারি। প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখেন আল সাদের হয়ে গোল করা ওয়াদ। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় কাতারের ক্লাবটিকে।

 

সংখ্যাগরিষ্ঠ খেলোয়াড় নিয়ে খেলার সুবিধা কাজে লাগিয়ে ম্যাচের ৫২ মিনিটে জয়সূচক গোলটি করেন জোয়াও ফেলিক্স। তার গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় আল নাসরের।

 

এই জয়ের ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের পশ্চিমাঞ্চলীয় লিগ পর্বের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে আল নাসর। ১৬টি দল নিয়ে গঠিত প্রতিটি অঞ্চলের লিগ থেকে শীর্ষ আটটি দল জায়গা পাবে শেষ ষোলোতে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]