ব্রাহ্মণপাড়ায় নির্মাণের তিন মাসের মধ্যেই ভেঙে পড়ল ড্রেনের স্ল্যাব, দু'র্ঘ'ট'না'র শ'ঙ্কা

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০১:২২:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০১:২২:১৩ অপরাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্মাণের মাত্র তিন মাসের মধ্যেই ভেঙে পড়েছে নবনির্মিত একটি ড্রেনের বেশ কয়েকটি স্ল্যাব। উপজেলার কুমিল্লা - মিরপুর সড়কের দক্ষিণ বাজার কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থান সংলগ্ন ব্যস্ততম সড়কটির ড্রেনের অন্তত কয়েকটি স্ল্যাব ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যানবাহন চালকেরা। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সরেজমিনে দেখা যায়, ব্যস্ত এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করে। আশপাশের বেশ কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও নিয়মিত এই পথ ব্যবহার করে। প্রায় তিন মাস আগে সড়কটির সিসি ঢালাই ও পাশের ড্রেন নির্মাণের কাজ শেষ হয়। কিন্তু কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় কবরস্থানের পাশের অংশে ড্রেনের স্ল্যাবগুলো ভেঙে ভেতরে ঢুকে যায়। ভাঙা অংশগুলো উন্মুক্ত থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী গাজী মোস্তফা কামাল ক্ষোভ প্রকাশ করে বলেন, মাত্র তিন মাস আগে লাখ লাখ টাকা ব্যয়ে এই সড়ক ও ড্রেনের কাজ করা হয়েছে। কিন্তু তদারকি ও জবাবদিহির অভাবে অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে। ফলে তিন মাস না যেতেই স্ল্যাবগুলো ভেঙে নষ্ট হয়ে গেছে। পথচারী মিজানুর রহমান বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন বহু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। ড্রেনের দুই অংশের স্ল্যাব ভেঙে যাওয়ায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিষয়টি দ্রুত সংস্কার করা জরুরি। এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ড্রেনের ওপরের স্ল্যাব ভেঙে যাওয়ার বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে দ্রুত এগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]