তিনবার শয়তান ও নরকের প্রবেশদ্বার দেখেছিলাম: ডায়েরিতে পোপ ফ্রান্সিস

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০১:০৩:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০১:০৩:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রয়াত পোপ ফ্রান্সিস দুই বছর ধরে গভীর আধ্যাত্মিক সংকটের মধ্য দিয়ে গেছেন। এ সময় তিনি শয়তান ও নরকের প্রবেশদ্বার দেখার অভিজ্ঞতার কথা ব্যক্তিগত ডায়েরিতে লিখেছিলেন। সম্প্রতি প্রকাশিত তার ডায়েরিতে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।

 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ১৬০ পৃষ্ঠার ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ বইয়ে এসব তথ্য উঠে এসেছে।

 

পোপের ঘনিষ্ঠ সহযোগী ও ভ্যাটিকানের ধর্মতত্ত্ববিষয়ক দপ্তরের প্রধান কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ বইটি সংকলন করেছেন। এতে পোপের ব্যক্তিগত ডায়েরির বিভিন্ন অংশের পাশাপাশি তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে বিশ্লেষণ রয়েছে।

 

১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ডায়েরি লিখেছেন পোপ ফ্রান্সিস। আর্জেন্টিনায় বিশপ হিসেবে দায়িত্ব পালনের সময় থেকে শুরু করে পোপ নির্বাচিত হওয়ার পরও তিনি লেখালেখি অব্যাহত রাখেন। ডায়েরির ৮৬ পৃষ্ঠা আর্জেন্টিনায় থাকার সময় এবং ৫৫ পৃষ্ঠা পোপ হিসেবে দায়িত্ব পালনের সময় লেখা।

 

বইটিতে বলা হয়েছে, পোপ ফ্রান্সিস অন্তত তিনবার শয়তানের উপস্থিতি অনুভব করার কথা লিখেছেন। এর মধ্যে দুটি ঘটনা আর্জেন্টিনার বুয়েনস এইরেসের আর্চবিশপ থাকাকালে এবং অন্যটি ২০১৮ সালে পোপ হিসেবে দায়িত্ব পালনের সময় ঘটে।

 

২০২৪ সালের ১৮ আগস্টের একটি ডায়েরি এন্ট্রিতে তিনি লিখেছেন, শয়তানের চোখের কথা তিনি ভুলতে পারেন না। তার বর্ণনায়, সেই চোখ ছিল আগুনের মতো, একই সঙ্গে ভয়ংকর ও প্রলুব্ধকর।

 

২০১৮ সালে চিলি সফর শেষে রোমে ফেরার কয়েক দিন পর আরেকটি ঘটনার কথা লিখেছেন তিনি। ওই সময় একটি বৈঠকে শয়তানকে দেখতে ও তার কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন বলে ডায়েরিতে উল্লেখ করেন। পোপের ভাষ্য অনুযায়ী, কণ্ঠস্বরটি ছিল কর্কশ ও বিজয়ীর মতো। তখন তার মনে হয়েছিল, শয়তান বলছে, ‘এখন আমি যা চেয়েছিলাম, সবই পেয়ে গেছি।’ পরে ওই বৈঠক থেকে বেরিয়ে আসার সুযোগ পাওয়াকে তিনি সৃষ্টিকর্তার সহায়তা হিসেবে বর্ণনা করেন।

 

ডায়েরিতে নরকের প্রবেশদ্বার দেখার অভিজ্ঞতার কথাও লিখেছেন ফ্রান্সিস। ২০১৮ সালের একটি ঘটনায় ঘুমাতে যাওয়ার আগে এমন দৃশ্য দেখেছিলেন বলে উল্লেখ করেন তিনি। বিষয়টিকে পৌত্তলিক প্রলোভনের চূড়ান্ত রূপ হিসেবে বর্ণনা করে লিখেছেন, দৃশ্যটি দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে সুরক্ষার জন্য হাতে তুলে নেন জপমালা বা রোজারি। বইটিতে পোপ ফ্রান্সিসের ২০২১ ও ২০২২ সালের আধ্যাত্মিক সংকটের বিস্তারিত উঠে এসেছে। সে সময় নিজের ক্ষমতা প্রয়োগের প্রবণতা, অতিরিক্ত আত্মবিশ্বাস এবং সবকিছু নিজে নিয়ন্ত্রণ করার আকাঙ্ক্ষা নিয়ে অস্বস্তিতে ছিলেন তিনি।

 

ডায়েরি অনুযায়ী, গির্জার প্রশাসনিক সিদ্ধান্ত, দায়িত্ব পরিচালনার চাপ এবং মানসিক ক্লান্তি তার সংকটকে আরও গভীর করেছিল। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে বিনয় ও ধৈর্য ধারণের চেষ্টা করেন তিনি।

 

কার্ডিনাল ফার্নান্দেজ জানান, একবার এক বিশপ পোপকে প্রশ্ন করেছিলেন, তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা এবং ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত একজন কর্মকর্তাকে কেন পদ থেকে সরিয়ে দিচ্ছেন না। দীর্ঘ নীরবতার পর ফ্রান্সিস বলেছিলেন, কাউকে নিজের ইচ্ছামতো ব্যবহার বা নিয়ন্ত্রণ করার মতো অবস্থানে যেতে চান না তিনি। তাই ওই ব্যক্তিকে দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২২ সালের ৩০ ডিসেম্বরের ডায়েরিতেও অন্যদের পুতুলের মতো ব্যবহার করার প্রলোভন প্রত্যাখ্যানের কথা লিখেছেন তিনি।

 

ডায়েরিতে নিজের উত্তরসূরি পোপ লিও চতুর্দশ সম্পর্কেও ইতিবাচক মন্তব্য করেছেন ফ্রান্সিস। কার্ডিনাল রবার্ট প্রিভোস্টকে তিনি একজন মহান ধর্মযাজক, উদার মিশনারি এবং নিষ্কলঙ্ক মানুষ হিসেবে বর্ণনা করেছিলেন। পরবর্তী সময়ে এই প্রিভোস্টই পোপ লিও চতুর্দশ নির্বাচিত হন। এ ছাড়া সমালোচকদের সম্পর্কেও উদার মনোভাবের পরিচয় দিয়েছেন ফ্রান্সিস। গিনির কার্ডিনাল রবার্ট সারা সম্পর্কে তার মন্তব্য ছিল, তার মধ্যে পরিশীলিত আধ্যাত্মিক সংবেদনশীলতা রয়েছে। অন্যদিকে জার্মান কার্ডিনাল গেরহার্ড মুলারকে আক্রমণাত্মক মনে হলেও ভালো মানুষ হিসেবে উল্লেখ করেন তিনি।

 

২০১৮ সালে চিলিতে ক্যাথলিক গির্জার যাজকদের যৌন নিপীড়ন কেলেঙ্কারি নিয়েও ডায়েরিতে লিখেছেন ফ্রান্সিস। সে সময় এক বিশপের বিরুদ্ধে যৌন নিপীড়নের ঘটনা প্রত্যক্ষ করা এবং তা আড়াল করার অভিযোগ ওঠে। প্রথমদিকে ওই বিশপের বিরুদ্ধে অভিযোগের গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি করতে না পারায় সমালোচনার মুখে পড়েন পোপ। পরে নিজের অবস্থানের জন্য ক্ষমা চান তিনি এবং চিলির সব বিশপকে রোমে তলব করেন। একপর্যায়ে দেশটির বিশপরা সম্মিলিতভাবে তার কাছে পদত্যাগপত্র জমা দেন।

 

ডায়েরিতে ফ্রান্সিস লিখেছেন, চিলির পরিস্থিতি এবং বিমানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। ওই ঘটনার গুরুত্ব আগে বুঝতে না পারার বিষয়টিও স্বীকার করেন তিনি।

 

উল্লেখ্য, ২০১৩ সালের ১৩ মার্চ পোপ নির্বাচিত হয়ে ফ্রান্সিস নাম গ্রহণ করেন জর্জ মারিও বেরগোলিও। দীর্ঘ ১২ বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান তিনি। মৃত্যুর কয়েক সপ্তাহ আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

 

কার্ডিনাল ফার্নান্দেজের মতে, ডায়েরিগুলোতে ফ্রান্সিসের ব্যক্তিগত জীবন, আত্মিক সংগ্রাম, দায়িত্ববোধ এবং ধর্মীয় নেতৃত্বের প্রতি তার গভীর নিষ্ঠার প্রতিফলন ঘটেছে। ভ্যাটিকান প্রকাশনা সংস্থা বইটি প্রকাশ করছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় ইংরেজি সংস্করণ প্রকাশ করছে পেঙ্গুইন র্যান্ডম হাউসের একটি প্রকাশনা প্রতিষ্ঠান।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]