রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ১০:০৭:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ১০:১৩:৫২ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রয়াত দুই শিক্ষার্থীর পরিবারকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকার জীবনবীমার চেক হস্তান্তর করেছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপাচার্যের দপ্তরে তাঁদের অভিভাবকদের হাতে চেক তুলে দেওয়া হয়। প্রয়াত দুই শিক্ষার্থী হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেহেরাব হোসেন ও ২০২১-২২ শিক্ষাবর্ষের রাফিদ শাহরিয়ার।

মেহেরাব হোসেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ৯ সেপ্টেম্বর চাঁদপুরের বিআরবি হসপিটালস লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাফিদ শাহরিয়ার ২৩ সেপ্টেম্বর রাজশাহীর কাজলা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে ঢাকার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, অর্থবিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. মুক্তার হোসেন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি প্রজেক্ট হেড মোঃ নাহিদুল ইসলামসহ দুই

শিক্ষার্থীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রুয়েটের নিয়মিত শিক্ষার্থীরা স্বাস্থ্য ও জীবনবীমার আওতাভুক্ত। কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে তাঁর পরিবার এককালীন সর্বোচ্চ দুই লাখ টাকা পান। এ ছাড়া চিকিৎসার ক্ষেত্রেও বিভিন্ন হারে বীমাসুবিধা রয়েছে।#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]