ফেডকাপের ম্যাচ আজ, ঢাকা স্টেডিয়ামে ফর্টিসের প্রথম

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০১:০৮:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০১:০৮:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শেষ। ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ ফুটবল এবং ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে ব্যস্ততা কেটেছে দেশের ফুটবলে। সাফের ব্যর্থতা নিয়ে এখনো সমালোচনা চলছে। তাকে বাফুফের নীতি নির্ধারকদের কিছু যায় আসে না। আসিয়ান কাপেও ফুটবলে কলঙ্ক লেপন করা হয়েছে। তাতেও কিছুই হয়নি। 

 

আর কয়েক পর সাফের কথাও কারো মনে থাকবে না। কারণ আজ আবার ঘরোয়া ফুটবলের আসর নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে দেশের ক্লাব ফুটবল। ফেডারেশন কাপের শেষ ম্যাচ হয়েছিল ১৩ অক্টোবর এবং লিগের শেষ ম্যাচ হয়েছিল ২৪ অক্টোবর।

 

লিগ এবং ফেডারেশন কাপ ফুটবল একই সময়ে শুরু হয়েছিল আন্তর্জাতিক সূচির কারণে বন্ধ ছিল। ফেডারেশন কাপ ফুটবল আজ পুনরায় মাঠে গড়াবে। আজ ঢাকা স্টেডিয়ামে খেলা হবে। ফেডারেশন কাপ ফুটবলে আজ ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি মাঠে নামবে, বেলা আড়াইটায়।

 

আবাহনী-বসুন্ধরা কিংসের ম্যাচ দিয়ে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর ক্লাবের শেষ খেলা হয়েছিল ঢাকা স্টেডিয়ামে। এরপর স্টেডিয়াম সংস্কারের নামে দিনের পর দিন স্টেডিয়াম ছিল ঠিকাদারের কাছে। বাফুফের উদাসীনতার কারণে স্টেডিয়াম সংস্কারে সময়ক্ষেপণ করার সুযোগ পেয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রীড়া সাংবাদিকদের কঠোর অবস্থানের কারণে স্টেডিয়াম সংস্কারের নামে সময় নষ্ট করতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ। 

 

এর মধ্যে ঘরোয়া ফুটবলের পাঁচটি মৌসুম কেটেছে। স্টেডিয়াম প্রস্তুত হওয়ার পরও বাফুফে এই স্টেডিয়ামে খেলাটা ফেরাতে চায়নি, নানা অজুহাত দেখিয়ে ক্লাবগুলোকে বঞ্চিত করা হচ্ছিল। স্টেডিয়াম সংস্কার শেষে প্রথম খেলা হয় বাংলাদেশ-ভুটান ফিফা আন্তর্জাতিক ম্যাচ, ৪ জুন ২০২৫ সালে। এরপর একাধিক আন্তর্জাতিক খেলা হয়েছে কিন্তু বাফুফের অদূরদর্শিতায় ঢাকা স্টেডিয়ামে খেলার অধিকার থেকে ক্লাবগুলোকে বঞ্চিত করা হয়েছে। খোড়া যুক্তি দেখিয়ে বাফুফে বলত ঢাকা স্টেডিয়ামে শুধু আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হবে 'এখানে কেন ক্লাবের খেলা হবে।' 

 

পৃথিবীর ফুটবলে যেসব দেশ বিশ্বকাপ আয়োজন করেছে, ফাইনাল খেলা যেসব স্টেডিয়ামে হয়েছে সেখানেও পরবর্তী সময় ঘরোয়া ফুটবলের খেলা হয়েছে। উলটো পথে বাফুফে। রহস্যজনক কারণে ক্লাবগুলোকে ঢাকা স্টেডিয়ামে খেলতে দেয়নি বাফুফে, দরজা বন্ধ রেখেছিল। অথচ এই সিদ্ধান্ত নির্বাহী কমিটিরও না। এ নিয়ে সমালোচনার পর অবশেষে ফেডারেশন কাপের জন্য ঢাকা স্টেডিয়ামে ম্যাচ রাখা হয়েছে। আজই প্রথম ম্যাচ হবে সেখানে। প্রথম দিনেই প্রথম ম্যাচ খেলবে ফর্টিস এফসি। প্রতিপক্ষ রহমতগঞ্জ হলেও তাদের জন্য নতুন নয়, ফর্টিস ক্লাব গঠনের পর তারা আজই ঘরোয়া ফুটবলে প্রথম ম্যাচ খেলবে। 

 

এর আগে ফর্টিস জাতীয় দলের বিপক্ষে দুইটা অনুশীলন ম্যাচ খেলেছিল। কিন্তু ক্লাব ফুটবল বলতে এটাই প্রথম বলে জানালেন ফর্টিস এফসির কোচ মাসুদ পারভেজ কায়সার। ফর্টিস দলে চার ফুটবলার খেলতে পারবেন না মুরশেদ আলী, জাপানি নরিকি আকাদা, সাফে জাতীয় দলে খেলা মোহাম্মদ ইব্রাহিম এবং জাপান বংশোদ্ভূত সুকি ইতোফুসা। চার জনেরই ইনজুরি রয়েছে। ইব্রাহিম এবং সুকি ইতোফুসা সাফের ক্যাম্পে থাকাকালীন ইনজুরিতে পড়েন। সুকি ইতোফুসা মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় খেলার আমন্ত্রণ পেয়েছেন বলে ক্লাব সূত্রে জানা যায়। তাকে ছেড়েও দিতে রাজি ক্লাব।

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]