নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের শিবচর উপজেলায় চরশ্যামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিটি (শারীরিক চর্চা) চলাকালে একে একে অসুস্থ হয়ে পড়েছে ২০ শিক্ষার্থী। পরে তাদের কয়েকজনকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। অসুস্থ হয়ে পড়া শিক্ষর্থীরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার চরশ্যামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, প্রতিদিনের মতো দুপুর ১২টার দিকে বিদ্যালয় মাঠে শারীরিক চর্চার আয়োজন করে শিক্ষকরা। শারীরিক শিক্ষার শিক্ষক বাঁশি ফু (আওয়াজ) দিলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পর্যায়ক্রমে লাইনে দাঁড়ায়। শুরু হয় শরীরিক শিক্ষা। এর ৩-৪ মিনিটের মাথায় হঠাৎ একে এতে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়ে। এ সময় কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়দের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর বিদ্যালয়ের উপস্থিত অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইদুজ্জামান নাসিম জানান, কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে তার কারণ জানা যায়নি। অসুস্থ সবাইকে চিকিৎসা দেয়া হয়েছে। ভয় আর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে চিকিৎসক জানিয়েছেন। সবাই শঙ্কামুক্ত।
মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে মিজান জানান, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়টি জানতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষকেও সতর্ক ও আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।