ইমরান খানের র'ক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে, হৃদযন্ত্রের ক্ষতির আশঙ্কা চিকিৎসকের

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৭:০৮:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৭:০৮:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তার রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান। দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করা হলে কয়েক দিনের মধ্যেই তার হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

 

রোববার (২২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ৭৪ বছর বয়সী ইমরান খান।

 

সম্প্রতি পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের কাছে পাঠানো এক খোলা চিঠিতে নিজের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইমরান। জরুরি চিকিৎসা না পেলে কারাগার থেকে জীবিত বের হতে পারবেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

 

ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে ৩০ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন ডা. ফয়সাল সুলতান। তার ভাষ্য, ইমরানের বর্তমান শারীরিক পরিস্থিতিতে দ্রুত কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। চিকিৎসায় বিলম্ব হলে তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ডা. সুলতান বলেন, কোনো রোগীর রক্তচাপ এত বেশি থাকলে তিনি একেবারেই দেরি করতেন না। বরং এক বা দুই দিনের মধ্যে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানোর ব্যবস্থা করতেন। কয়েক দিনের মধ্যেই রক্তচাপ নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।

 

তিনি জানান, দীর্ঘদিন উচ্চ রক্তচাপে ভুগলে হৃদযন্ত্র ও কিডনির ওপর মারাত্মক চাপ পড়ে। এ ছাড়া চোখের রেটিনাও ক্ষতিগ্রস্ত হতে পারে। অতিরিক্ত চাপের বিপরীতে রক্ত সঞ্চালন বজায় রাখতে গিয়ে হৃদযন্ত্রের পেশি অস্বাভাবিকভাবে পুরু হয়ে যাওয়ার ঝুঁকিও থাকে।

 

গত ১৬ নভেম্বর আইনজীবীর মাধ্যমে প্রকাশিত এক চিঠিতে ইমরান দাবি করেন, তার ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ কমে গেছে। পাশাপাশি তিনি উচ্চ রক্তচাপেও ভুগছেন। ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে তাকে প্রতিদিন সর্বোচ্চ ২২ ঘণ্টা পর্যন্ত নির্জন কারাকক্ষে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ওই দিন একটি মামলায় ইমরান ও তার স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। দীর্ঘদিন একাকী বন্দি থাকার কারণেই তার স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে মনে করেন তিনি।

 

ডা. ফয়সাল সুলতান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত শওকত খানম মেমোরিয়াল ক্যানসার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী। কোভিড-১৯ মহামারির সময় ইমরানের সরকারের চিকিৎসাবিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন তিনি।

 

ইমরানের শারীরিক অবস্থা নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছেন তার আইনজীবীরা। গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট তার স্বাস্থ্য পরীক্ষা ও স্বাধীনভাবে শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। সেদিন ডা. সুলতান হাসপাতালটিতে অপেক্ষা করলেও ইমরানকে সেখানে নেওয়া হয়নি। পরিবর্তে একটি সরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে কারাগারে ফেরত পাঠানোর উপযুক্ত বলে মত দেন।

 

ডা. সুলতানের মতে, দীর্ঘদিন সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকাও ইমরানের উচ্চ রক্তচাপের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। তিনি বলেন, ইমরানকে পরীক্ষা করে চিকিৎসা দেওয়ার বিষয়ে তার কোনো আপত্তি নেই। বরং দ্রুত তাকে দেখার সুযোগ দেওয়া প্রয়োজন।

 

এদিকে কারাগারে ইমরানের সঙ্গে আচরণ নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ জানিয়ে আসছেন তার সমর্থকেরা। গত সেপ্টেম্বরে তার ছেলেরাও পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন।

 

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাবেক জ্যেষ্ঠ নেতা সৈয়দ জুলফি বুখারির অভিযোগ, ইমরানের চিকিৎসা ও শারীরিক পরীক্ষা করেছেন এমন চিকিৎসকেরা সরকারের নির্দেশনার বাইরে কাজ করতে পারেননি। তবে তার রক্তচাপ নিয়ন্ত্রণে আনা কিংবা শারীরিক অবস্থার বিষয়ে পরিষ্কার ধারণা দেওয়ার ক্ষেত্রেও তারা সফল হননি।

 

জুলফি বুখারি বলেন, পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই ইমরানের ব্যক্তিগত চিকিৎসকদের তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া জরুরি। সঠিক বিশেষজ্ঞের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে আর দেরি করা উচিত নয়।

 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]