দাম কমতেই দুবাইয়ের স্বর্ণের দোকানে ক্রেতাদের ঢল

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৬:২৭:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৬:২৭:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাজারে স্বর্ণের দাম কমতে থাকায় কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন ক্রেতারা। বিশেষ করে দুবাইয়ের স্বর্ণের দোকানগুলোতে গত কয়েক দিনের তুলনায় ক্রেতাদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিয়ে ও পারিবারিক অনুষ্ঠানের জন্য গয়না কেনার পাশাপাশি ভবিষ্যতের সঞ্চয় হিসেবে স্বর্ণের বার কিনছেন অনেকে।

 

রোববার (২২ নভেম্বর) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম এমিরেটস২৪/৭-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। গত দুই সপ্তাহে প্রতি গ্রাম স্বর্ণের দাম সর্বোচ্চ ৬৪ দিরহাম পর্যন্ত কমেছে। বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে প্রতি ভরায় দাম কমেছে প্রায় ৭ হাজার টাকা।

 

দাম কমার খবর ছড়িয়ে পড়ার পর গত শুক্রবার থেকেই স্বর্ণের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করে। সপ্তাহান্তে সেই ভিড় আরও বাড়ে। দোকানগুলোর আশপাশের পার্কিং এলাকায় গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। জায়গা না পেয়ে অনেক ক্রেতাকে দূরে গাড়ি রেখে হেঁটে দোকানে যেতে হয়েছে। স্বর্ণ কেনার জন্য নগদ টাকা তুলতে এটিএম বুথের সামনেও ভিড় জমে।

 

ব্যবসায়ীদের ভাষ্য, চলতি বছরের শুরু থেকে গত দুই দিনের মতো এত ক্রেতার সমাগম দেখা যায়নি। দাম কমার প্রভাবে এ সময়ে স্বর্ণ বিক্রি ২৫ শতাংশের বেশি বেড়েছে। গয়নার পাশাপাশি বিনিয়োগ ও সঞ্চয়ের জন্য স্বর্ণের বার কেনার প্রতিও আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা।

 

ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানগুলোর মধ্যেও শুরু হয়েছে বিশেষ ছাড় দেওয়ার প্রতিযোগিতা। কোনো কোনো প্রতিষ্ঠান গয়নার মজুরি পুরোপুরি মওকুফ করছে। আবার কিছু দোকানে মজুরির ওপর দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।

 

স্বর্ণ ব্যবসায়ী খালেদ আল-জাশানি জানান, দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ক্রেতাদের আগ্রহ বেড়েছে। অনেকে স্বর্ণের বার কিনছেন। পাশাপাশি বিয়ে ও অন্যান্য পারিবারিক অনুষ্ঠানের জন্য গয়না কেনার প্রবণতাও বাড়ছে।

 

সালেম আল-শুয়াইবি জুয়েলারির ব্যবস্থাপক আলা আল-শাম্মারি বলেন, স্বর্ণের দাম কমে যাওয়ায় গত দুই দিনে দোকানগুলোতে রেকর্ডসংখ্যক ক্রেতা এসেছেন। সামনে বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থাকায় অনেকেই কম দামে গয়না কেনার সুযোগ নিচ্ছেন। আগে দাম বেশি থাকায় যারা কেনাকাটা পিছিয়ে দিয়েছিলেন, তারাও এখন দোকানে আসছেন।

 

তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যা থেকে কেনাকাটার চাপ বাড়তে শুরু করে। সপ্তাহান্তে তা আরও তীব্র হয়ে ওঠে।

 

আরেক ব্যবসায়ী জর্জ আদেলের মতে, স্বর্ণের দাম কমায় পারিবারিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গয়না কেনার আগ্রহ বেড়েছে। একই সঙ্গে ক্রেতা টানতে দোকানগুলোর মধ্যে প্রতিযোগিতাও জোরদার হয়েছে।

 

 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]