লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ করে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না এমন হুমকিমূলক ফেসবুক স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা আহ্বায়ক আতাউস সামাদ বাবুকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২-নভেম্বর)২০২৬ সন্ধ্যায় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাধবপুর থানার ওসি সোহেল রানা দৈনিক জনতা'কে বলেন, রবিবার সন্ধ্যায় এসআই দেলোয়ার হোসেন আতাউসকে গ্রেফতার করেন। সম্প্রতি পুলিশের দায়ের করা নাশকতার চেষ্টার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা এবং সরকারি ও বেসরকারি স্থাপনা ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আতাউস সামাদ। ওই বছরের ৬ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল পুলিশ।
এরপর গত ১৭-অক্টোবর পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ করে দেওয়া তার ফেসবুক স্ট্যাটাস নিয়ে সংবাদ প্রকাশ করে আগামীর সময়। স্ট্যাটাসে আতাউস সামাদ লিখেছিলেন, দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাআল্লাহ। স্ট্যাটাসে তিনি দাবি করেন, তাকে গ্রেপ্তারের জন্য এএসআই দেলোয়ার হোসেন তার বাড়িতে গিয়েছিলেন। তবে তখন তিনি বাড়িতে ছিলেন না। পরে ছাত্রলীগ নেতা সিরাজ গ্রেপ্তার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। রাজনীতি করতে গিয়ে কয়েকবার কারাগারে যেতে হয়েছে বলেও ওই স্ট্যাটাসে জানান আতাউস সামাদ।
তবে তার এ বক্তব্যকে ভিত্তিহীন দাবি করেছিলেন এএসআই দেলোয়ার হোসেন। তিনি বলেছিলেন, ফেসবুকে তার নামে আতাউস সামাদ যে কথা লিখেছেন, তার কোনো অস্তিত্ব নেই। দেলোয়ার হোসেন মাধবপুর থানার আওতাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করছিলেন। আতাউস সামাদ বাবু মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক। এর আগে তিনি চৌমুহনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবেও তার নাম আলোচনায় এসেছিল। স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়েও তাকে ঘিরে আলোচনা ছিল।
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেও তিনি আলোচনায় এসেছিলেন বলে স্থানীয়রা জানান।