কাল এইচএসসির পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৭:৪১:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৭:৪১:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর)। বেলা ৩টায় একযোগে ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা তিন পদ্ধতিতে ফল জানতে পারবেন।

 

রোববার (২২ নভেম্বর) আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd) এবং আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে পুনর্নিরীক্ষার ফল জানা যাবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে ফল সংগ্রহের অনুরোধ জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

 

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষার জন্য ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তারা বিভিন্ন বিষয়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করেন।

 

এর মধ্যে শুধু ঢাকা শিক্ষা বোর্ডেই ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে। বোর্ডটির বিষয়ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের বিভিন্ন বিষয়ে বিপুলসংখ্যক আবেদন করেছেন শিক্ষার্থীরা।

 

ঢাকা বোর্ডে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৪২ হাজার ২টি করে আবেদন জমা পড়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে আবেদন পড়েছে ৩৮ হাজার ৭৫টি।

আবশ্যিক বিষয়গুলোর মধ্যে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ২৪ হাজার ৮৫৮টি করে আবেদন জমা হয়েছে।

 

বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর মধ্যে রসায়নে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। বিষয়টির প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ১৮ হাজার ৪৮২টি করে আবেদন করা হয়েছে। এ ছাড়া জীববিজ্ঞানের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ১৫ হাজার ৭৫৭টি করে উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে।

 

মানবিক বিভাগের মধ্যে পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৩ হাজার ৫৭১টি এবং সমাজকর্ম বিষয়ে ১ হাজার ৯৯৭টি আবেদন জমা হয়েছে।

 

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলোর মধ্যে হিসাববিজ্ঞানে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এ বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৩ হাজার ৮২৭টি করে আবেদন করা হয়েছে। এ ছাড়া ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে ২ হাজার ৩৩১টি আবেদন জমা পড়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]