৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তারা, দেন ভিসাও, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৭:৪০:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৭:৪০:৩৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ছয় লাখ টাকার বিনিময়ে সার্বিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি প্রতারক চক্র। বিশ্বাস অর্জনের জন্য ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হতো ভিসাও। তবে সেগুলো ছিল জাল। বিমানবন্দরে অভিবাসন পুলিশের যাচাইয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়লেও ততক্ষণে প্রতারকদের হাতে চলে যেত ভুক্তভোগীদের টাকা। এমনই একটি চক্রের সদস্য আবদুল মাবুদকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানতে পেরেছে পুলিশ। 

 

রোববার (২২ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন এলাকার ১৭টি পাসপোর্ট ও সার্বিয়ার পাঁচ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আবদুল মাবুদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

 

কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরের একটি হোটেলে অভিযান চালিয়ে আবদুল মাবুদকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ময়মনসিংহ, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার ভুক্তভোগীদের ১৭টি পাসপোর্ট এবং সার্বিয়ার পাঁচ হাজার ভিসার কপি উদ্ধার করা হয়, যা যাচাইয়ে জাল প্রমাণিত হয়েছে।

 

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাবুদ স্বীকার করেছেন, ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর কথা বলে তারা লোকজনের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করেন। পাসপোর্ট নেওয়ার পর বিশ্বাস অর্জনের জন্য ভিসা দেন। এর আগেই টাকা নিয়ে নেন। জাল ভিসা বিমানবন্দরে পুলিশের অভিবাসন শাখায় ধরা পড়লে চক্রের সদস্যরা ভুক্তভোগীর অন্য কোনো সমস্যা আছে বলে দাবি করেন। এরকম কয়েকজন বিমানবন্দর থেকে ফেরত আসার কথা জানিয়েছেন মাবুদ।

 

উদ্ধার হওয়া পাসপোর্টের সূত্র ধরে মুন্সিগঞ্জ সদরের বাসিন্দা মো. সাইফুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এলাকার মামুন শেখ নামের এক ব্যক্তির মাধ্যমে তিনি সার্বিয়া যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছিলেন এবং সোমবার তাঁর ঢাকায় যাওয়ার কথা ছিল। তবে তাঁর পাসপোর্টসহ চক্রের সদস্য গ্রেপ্তার হওয়ার বিষয়টি তিনি জানতেন না।

 

সাইফুল আরও বলেন, তার জানামতে, তাদের এলাকার মো. হাসানসহ অনেকেই সার্বিয়া যাওয়ার জন্য পাসপোর্ট ও টাকা দিয়েছেন।

 

এদিকে মামুন শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঢাকার একটি এজেন্সির মাধ্যমে তার চারজন আত্মীয়কে সার্বিয়ায় পাঠানোর জন্য ৯ লাখ টাকা দিয়েছেন। তবে চক্রের সদস্য গ্রেপ্তারের বিষয়টি তিনি জানেন না।

 

ওসি জাহেদুল কবির বলেন, ঢাকা, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, চট্টগ্রামসহ সারা দেশে চক্রের সদস্য রয়েছেন। তারা সার্বিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে কম টাকায় লোক পাঠানোর কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]