জ্বালানি সংকট তীব্র হচ্ছে ইরানে, দুই দিনে একবার দুই ঘণ্টা করে লোডশেডিংয়ের সিদ্ধান্ত

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৭:১৫:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৭:১৫:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানে জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। রোববার (২২ নভেম্বর) থেকে দেশটিতে নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এলাকাভেদে প্রতি দুই দিনে প্রায় দুই ঘণ্টা অথবা প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকতে পারে।

 

শনিবার (২১ নভেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানান ইরানের জাতীয় বিদ্যুৎ কোম্পানি তাভানিরের প্রধান মোহাম্মদ আল্লাহদাদ। বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। 

 

আল্লাহদাদ বলেন, দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতির কারণে রোববার থেকে বিদ্যুৎ বিতরণে বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হবে বিদ্যুৎ খাত।

 

তিনি জানান, এলাকাভেদে প্রতি দুই দিনে অন্তত একবার প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হতে পারে। কোনো কোনো এলাকায় প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকতে পারে। বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানির ঘাটতির কারণে সাম্প্রতিক বছরগুলোতেও একই ধরনের পদক্ষেপ নিয়েছে ইরান।

 

বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাসের মজুত থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ জ্বালানির চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে দেশটি। দীর্ঘদিনের অপর্যাপ্ত বিনিয়োগ এবং কয়েক দশকের পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দেশটির পুরোনো বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থাও চাপে রয়েছে।

 

বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনমনে অসন্তোষ তৈরি হয়েছে। তীব্র আবহাওয়া ও জ্বালানি সংকটের সময় পরিস্থিতি সামাল দিতে সরকারি কার্যালয় বন্ধ রাখা এবং বিভিন্ন সেবা কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]