খুলনায় নতুন করে রবীন্দ্রনাথের ছবি আঁকার পর আবারও কালি

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৫:২৪:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৫:২৪:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

খুলনা নগরের শিববাড়ী মোড়ে নতুন করে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আবারও কালি দিয়েছে দুর্বৃত্তরা।

 

রোববার (২২ নভেম্বর) সকারে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

 

এর আগে একই প্রতিকৃতিতে কালি লাগানোর পর নতুন করে আঁকা হয়েছিল। সেই ঘটনার ১৬ দিনের মাথায় আবারও প্রতিকৃতিটি বিকৃত করার ঘটনা ঘটল।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ী মোড়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবনের বিপরীতে রেলওয়ের সীমানা প্রাচীর। এ প্রাচীরটিতে জাতীয় ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি ও জুলাই আন্দোলনের কিছু চিত্র আঁকা হয়েছে। প্রতিকৃতির মধ্যে রয়েছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, চিত্রশিল্পী এস এম সুলতান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওসমান হাদিসহ বিভিন্ন বরেণ্য ব্যক্তি। এর মধ্যে এস এম সুলতান ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতির মাঝখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডল কালিতে ঢেকে দেওয়া হয়েছে। 

 

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

 

উল্লেখ্য, এর আগে গত ৬ নভেম্বর এ দেওয়ালচিত্রে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো কালি মাখিয়ে বিকৃত করেছিল দুর্বৃত্তরা। এরপর ৭ নভেম্বর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে প্রতিকৃতিটি নতুন করে আঁকা হয়। দুই সপ্তাহের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বারের মতো কালি মাখানোর ঘটনা ঘটল। 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]