পাগলা মসজিদের দানবক্সে চিরকুট, ‘স্বর্ণার মনে জায়গা করে দেন’

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৮:৩৬:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৮:৩৬:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার বিপুল পরিমাণ টাকার পাশাপাশি পাওয়া গেছে নানা আবেগ, আকাঙ্ক্ষা ও অভিযোগে ভরা এক বস্তা চিঠি-চিরকুট। এসব চিঠির কোনোটিতে ইউরোপ যাওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ায় দালালের প্রতারণার বিচার চাওয়া হয়েছে। কোনো চিরকুটে প্রিয় মানুষের ভালোবাসা পাওয়ার আকুতি, আবার কোনোটিতে চিকন ও সুন্দরী হওয়া কিংবা রোগমুক্তির প্রার্থনা। এমনকি পছন্দের ব্যক্তিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চেয়েও চিঠি লিখেছেন কেউ।

 

চার মাস ২৪ দিন পর শনিবার পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়েছে। সেখান থেকে ৫১ বস্তা টাকা ছাড়াও পাওয়া গেছে এক বস্তা চিঠি-চিরকুট ও স্বর্ণালংকার। চিঠি ও স্বর্ণালংকার আলাদা করার পর সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে টাকা গণনা। গণনা শেষ হতে রাত ১০টা বেজে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

দানবাক্সে পাওয়া চিঠিগুলোর মধ্যে একটিতে এক ব্যক্তি ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের প্রতারণার শিকার হওয়ার বেদনা তুলে ধরেছেন। হারানো অর্থের কষ্ট ও প্রতারকদের বিচার চেয়ে আল্লাহর কাছে বিচার দিয়েছেন তিনি।

 

চিঠিতে ওই ব্যক্তি লিখেছেন, তার ইউরোপযাত্রা যেন সহজ ও নিরাপদ হয়। বাংলাদেশে ইউরোপের সব দেশের দূতাবাস ও ভিসা-সেবা নিশ্চিত করার পাশাপাশি কোনো বিদেশগামী যেন দালালের প্রতারণার শিকার না হন, সে জন্যও আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি। চিঠির শেষে ওই ব্যক্তি নিজের পরিচয় দিয়েছেন ‘একজন প্রতারিত বিদেশগামী’।

 

অন্যদিকে, স্বর্ণা নামের এক প্রিয়জনকে উদ্দেশ্য করে লেখা আবেগঘন এক চিরকুটে এক প্রেমিক লিখেছেন, ‘এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না স্বর্ণা।’ চিরকুটের শেষে স্বর্ণার মনে জায়গা পাওয়ার আকুতি জানিয়ে লেখা হয়েছে, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন, আমিন।’ এ ছাড়া চিকন ও সুন্দরী হওয়া, রোগ থেকে মুক্তি এবং পছন্দের ব্যক্তিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখার মতো নানা চাওয়া-পাওয়ার কথাও উঠে এসেছে বিভিন্ন চিরকুটে।

 

পাগলা মসজিদের দানবাক্স চিঠি ও চিরকুট প্রসঙ্গে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, অল্প সময়ে মসজিদের দানবাক্স ভরে যাওয়ার কারণে এবার আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছিল। আগে যেখানে ১৩টি ছিল এবার সেখানে ১৫টি বাক্স। তবে চিঠি চিরকুট এসবের কারণে দানবাক্সে জায়গার সংকট হয়। এ ছাড়া এসব বিব্রতকর চিঠি কাউকে দানবাক্সে না দিতে প্রতিবারই বলা হচ্ছে। এসব অহেতুক চিঠির কারণে টাকা গণনায় ব্যাঘাত ঘটার পাশাপাশি গণনা সংশ্লিষ্ট লোকদের সময়ও নষ্ট হয়।

 

এর আগে চলতি বছরের ২৭ জুন ছয় মাস পর (১৮২ দিন) মসজিদের দানবাক্সগুলো খুলে ৪৩ বস্তা থেকে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। টাকা ছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল। এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]