মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও জরিমানার প্রসঙ্গ এড়িয়ে বায়োজিনের সাফাই

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৭:২৭:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৭:২৭:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক ব্যবহার করে প্রসাধনী উৎপাদনের অভিযোগে বায়োজিনের কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিকমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। তবে বিষয়টি নিয়ে দেওয়া এক বিবৃতিতে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও জরিমানার প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করে নিজেদের অবস্থান তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

 

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রকাশিত বিবৃতিতে বায়োজিন দাবি করে, একটি মহল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর, অনুমাননির্ভর ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। এ বিষয়ে তাদের নজরে এসেছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

বিবৃতিতে প্রতিষ্ঠানটি ডেল কার্নেগীর একটি উক্তি উল্লেখ করে বলে, ‘মৃত কুকুরকে কেউ লাথি দেয় না।’ বায়োজিন কসমেসিউটিক্যালসের দাবি, ১৮ লাখ মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাস তাদের সবচেয়ে বড় শক্তি। উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে এই বন্ধন ভাঙা সম্ভব নয়।

 

প্রতিষ্ঠানটি আরও দাবি করে, পণ্যের গুণগত মান, নিরাপত্তা ও গ্রাহকের আস্থাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দেয়। তাদের পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য বিএসটিআই মান ও অনুমোদন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) মাধ্যমে সম্পন্ন প্রাসঙ্গিক ডার্মাটোলজিক্যাল পরীক্ষার বিষয়গুলো নিশ্চিত করা হয়।

 

বিবৃতিতে বলা হয়, কোনো পণ্যকে ‘ভেজাল’ বলে অভিযোগ করার ক্ষেত্রে যথাযথ বৈজ্ঞানিক পরীক্ষা, নির্ভরযোগ্য প্রমাণ ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। প্রমাণ ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে আইনানুগ প্রতিকার নেওয়ার অধিকারও সংরক্ষণ করে প্রতিষ্ঠানটি।

 

তবে বায়োজিনের বিরুদ্ধে অভিযোগ, ছয় মাস থেকে এক বছর আগে মেয়াদ শেষ হওয়া বিভিন্ন কাঁচামাল ও রাসায়নিক ব্যবহার করে প্রসাধনী তৈরি করা হচ্ছিল। এসব পণ্য ঢাকাসহ প্রতিষ্ঠানটির ২৪টি শাখায় বিক্রির পাশাপাশি ওয়েবসাইট ও ফেসবুকের মাধ্যমেও বাজারজাত করা হচ্ছিল।

 

এর আগে বুধবার দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলায় বায়োজিনের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘গ্রিন বায়োটেকনোলজি’তে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। এ সময় আনসার ব্যাটালিয়নের তিন সদস্যের একটি দল উপস্থিত ছিল।

 

অভিযান শেষে সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, কারখানায় প্রসাধনী তৈরিতে ব্যবহৃত বেশ কিছু মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক পাওয়া গেছে। এসব উপকরণের মেয়াদ ছয় মাস থেকে এক বছর আগেই শেষ হয়েছিল।

 

তিনি বলেন, কারখানার পরিস্থিতি দেখে তিনি বিস্মিত হয়েছেন। মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দিয়ে পণ্য উৎপাদনের মাধ্যমে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।

 

শরিফুল ইসলাম আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা কাঁচামাল ধ্বংস করা হবে এবং ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]