সান্তাহারে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র মেরাজ গুরুতর আহত, মাথায় অস্ত্রোপচার দিশেহারা পরিবার-

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৬:২৪:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৬:২৪:৫৩ অপরাহ্ন
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি-বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড়সংলগ্ন খাড়ির ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কলেজছাত্র আল মোত্তাকিন (মেরাজ)। গত ৪ নভেম্বর ২০২৬, বুধবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। মেরাজ সান্তাহার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।নিমাইদিঘী পূর্বপাড়া গ্রামের মোমিনুর রহমান ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন মেরাজ টমটমযোগে সান্তাহার সরকারি কলেজের উদ্দেশে যাচ্ছিলেন। পথে হবির মোড়সংলগ্ন খাড়ির ব্রিজ এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার পর তাঁকে গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় উপস্থিত লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার অবনতি ও আঘাতের গুরুতর অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল অথবা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বগুড়া হেলথ সিটি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেরাজের মাথায় গুরুতর আঘাতের কারণে অস্ত্রোপচার করতে হয়েছে। এ ছাড়া একাধিকবার সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়েছে। তাঁর ডান হাতের কবজি ও কাঁধের অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডান পায়ে বেশি আঘাত এবং বাম পায়ের কিছু অংশেও ক্ষত রয়েছে। মুখমণ্ডলের ডান পাশে মারাত্মক আঘাতের কারণে একাধিক সেলাই দিতে হয়েছে। বর্তমানে হাতসহ শরীরের বিভিন্ন স্থানে চিকিৎসা ও ব্যান্ডেজ চলমান রয়েছে। এদিকে দুর্ঘটনার পর থেকে মেরাজের চিকিৎসা নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে পরিবারটি। মাথায় অস্ত্রোপচার, সিটি স্ক্যান, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও হাসপাতালের ব্যয় বহন করতে গিয়ে পরিবারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদি চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় ব্যয় কীভাবে বহন করবেন, তা নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।পরিবারের পক্ষ থেকে মেরাজের চিকিৎসা অব্যাহত রাখা এবং আর্থিক সংকট মোকাবিলায় সরকারি সহায়তা ও মানবিক সহযোগিতা কামনা করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহযোগিতা প্রত্যাশা করছেন তাঁরা। একজন কলেজপড়ুয়া তরুণের স্বাভাবিক জীবনে ফিরে আসা এবং শিক্ষাজীবন অব্যাহত রাখার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানবিক দৃষ্টি ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছে পরিবারটি। এ বিষয়ে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন,বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]