ক্ষমতার দাপটে পার পেলেও এবার পুনঃতদন্তের দাবি

বিআরটিসির বর্তমান চেয়ারম্যানের নামে তোলা হচ্ছে টাকা : গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর মহাদুর্নীতি

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৩:১৮:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৯:০৬:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বিগত ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বিভিন্ন ডিপোতে সীমাহীন দুর্নীতি, রাজস্ব আত্মসাৎ ও অনিয়মের পাহাড় গড়ে তোলার অভিযোগ উঠেছে বর্তমান গাবতলী বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ইউনিট প্রধান এবং ম্যানেজার (টেকনিক্যাল) নায়েব আলীর বিরুদ্ধে।

 

তৎকালীন আওয়ামী রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেশির ভাগ অপকর্ম ধামাচাপা দিলেও যে কয়েকটি ঘটনায় বিভাগীয় মামলা হয়েছিল সে গুলোতেও নামমাত্র শাস্তি বা পরবর্তীতে মোটা অঙ্কের লেনদেনের মাধ্যমে শাস্তি মউকুফ করিয়ে নেওয়ার চাঞ্চল্যকর তথ্য মিলেছে।

 

বিআরটিসিকে দুর্নীতিমুক্ত করতে এবং রাষ্ট্রীয় অর্থ উদ্ধারে এই কর্মকর্তার বিরুদ্ধে ওঠা সকল দুর্নীতির পুনঃতদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি উঠেছে।

 

২০১৬ সালে জোয়ারসাহারা বাস ডিপোর ম্যানেজার থাকাকালীন সময়ে নায়েব আলীর বিরুদ্ধে বাসের মেরামত না করেই ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ব্যাপক অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।

 

২০১৬ সালের ৮ মে তৎকালীন মন্ত্রী উক্ত ডিপো আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনে ডিপোর ৫৭৩৯, ৫৭৪১ এবং ৫৩৮১ নম্বর বাস গুলো অত্যন্ত নিম্নমানের এবং চলাচলের অনুপযোগী হিসেবে প্রমাণিত হয়। ফলশ্রুতিতে কর্পোরেশনের আদেশ নং-৩৫.০৪.০০০০.০১১.০০.৪৬৬.৮৮৭ মোতাবেক নায়েব আলীকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। তবে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী দলের রাজনৈতিক প্রভাব খাটিয়ে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে তিনি উক্ত বরখাস্তের আদেশ বাতিল করিয়ে পুনরায় কর্মস্থলে ফিরে আসেন।

 

নায়েব আলীর কর্মজীবনের সবচেয়ে বড় আর্থিক অনিয়মের ঘটনাটি ঘটে মতিঝিল বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) থাকাকালীন (২৭ মার্চ ২০১৯ থেকে ৩০ অক্টোবর ২০১৯)। এ সময় LoC-2 ঋণের আওতায় ভারত থেকে আমদানিকৃত নতুন ৩৫টি বাস সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক কম ভাড়ায় পরিচালনা করেন তিনি।

 

কর্তৃপক্ষের অনুমোদনহীন এই সিদ্ধান্তের কারণে প্রতিদিন গড়ে প্রায় ৭,৫৪,০৮৭ টাকা হারে কর্পোরেশনের সর্বমোট ৮,২০,৬২,৬৮৩ (আট কোটি বিশ লাখ বাষট্টি হাজার ছশো তিরাশি) টাকা রাজস্ব ক্ষতি হয়।

 

কর্পোরেশনের অডিট বিভাগের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, নায়েব আলীর প্রত্যক্ষ দায়িত্বে অবহেলার কারণে সরাসরি ১,৭৭,৪১,৮০৭ (এক কোটি ৭৭ লাখ) টাকার রাজস্ব ক্ষতি হয়, যা সরাসরি দুর্নীতি, আত্মসাৎ ও অদক্ষতার শামিল। এই অপরাধে ২০২০ সালের ১৩ অক্টোবর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (পত্র নং-১৭৮৫) করা হয়।

 

অভিযোগ রয়েছে, তৎকালীন চেয়ারম্যান তাজুল ইসলামকে ম্যানেজ করে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের শক্তির প্রভাব খাটিয়ে তিনি প্রথমে প্রাপ্ত ২ বছরের বেতন বর্ধন স্থগিত দণ্ডটি (আদেশ নং-২৪২২) কমিয়ে মাত্র ১ বছরে নিয়ে আসেন। সংশ্লিষ্টদের মতে, এটি সরাসরি দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক তদন্তযোগ্য অপরাধ।

 

খুলনা বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) থাকাকালীনও দুর্নীতির ধারা বজায় রাখেন নায়েব আলী।

 

২০২২ সালের ২৪ নভেম্বর কর্পোরেশনের পত্র নং-২১০৯ মোতাবেক ভুল তথ্য প্রদানের মাধ্যমে ৪,৮৭,১৯০ টাকা নিয়ম বহির্ভূত ভাবে ব্যয় (আত্মসাৎ) করার জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে তৎকালীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনৈতিকভাবে ম্যানেজ করে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের বিষয়টি সম্পূর্ণ ধামাচাপা দিতে সক্ষম হন নায়েব আলী।

 

অনুসন্ধানে আরো জানা যায়, বর্তমানে গাবতলী বাস ডিপোতে ষ্টাফ বাসের ফিরতি ট্রিপের কোন রাজস্ব ধরা নাই। কারন চালকরা ঝাউলি ট্রিপের জ্বালানি তেল নিজেরাই ক্রয় করে থাকে। কিন্তু পিএলও ইনচার্জ চালক বিপ্লবকে দিয়ে বিআরটিসির বর্তমান চেয়ারম্যানকে খরচ বাবদ দেওয়ার কথা বলে ম্যানেজার নায়েব আলী প্রতি মাসে চার থেকে পাচ লক্ষ টাকার ভাউচার করে। ওই টাকা প্রতি মাসে ম্যানেজার নায়েব আলী নিজেই আত্মসাৎ করে থাকে। যা ষ্টাফ বাসের চালকদেরকে জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্য বেরিয়ে আসবে।

 

বিআরটিসি’র সাধারণ কর্মকর্তা-কর্মচারী এবং সচেতন মহলের দাবি, বিগত পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে রাজনৈতিক প্রভাবের কারণে নায়েব আলীর মতো দুর্নীতিবাজ কর্মকর্তারা পার পেয়ে যায় বার বার এবং বর্তমানেও বহাল তবিয়তে থেকে গুরুত্বপূর্ণ ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

রাষ্ট্রীয় ও জনগণের অর্থের ক্ষতিপূরণ আদায় এবং বিআরটিসিকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে নায়েব আলীর বিরুদ্ধে আনীত বিগত সকল দুর্নীতির ফাইল পুনরায় ওপেন করে একটি সুষ্ঠু পুনঃতদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক আইনি ও বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।

 

এ সকল বিষয়ে বিআরটিসি গাবতলী ডিপোর ম্যানেজার নায়েব আলীর সাথে কয়েকদফা যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে পরবর্তীতে তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। 

 

 

 

 

 

 





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]