হবিগঞ্জে শিশু সামিরুন হ'ত্যা: ১০ মাস পর প্রধান সন্দেহভাজন লিটন মিয়া গ্রে'ফ'তা'র

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০১:৩৫:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০১:৪২:৩১ অপরাহ্ন
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১২ বছর বয়সী শিশু সামিরুন আক্তার হত্যা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রধান সন্দেহভাজন মো. লিটন মিয়াকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।শুক্রবার (২০-নভেম্বর)২০২৬ ভোরে উপজেলার পিটুয়ারকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পিবিআই হবিগঞ্জের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মৃনাল দেবনাথ। ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করা হয়। পিবিআই সূত্র জানায়, মামলাটি দায়েরের পর থেকেই লিটন আত্মগোপনে ছিলেন। বিভিন্ন তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাঁকে মামলার অন্যতম প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়ার প্রস্তুতি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মামলার নথি অনুযায়ী, নিহত সামিরুন আক্তার আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের পূর্ব পিটুয়ারকান্দি গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে। গত ৩০ মার্চ বিকেল পাঁচটার দিকে সে বড় বোনের বাড়ি থেকে গ্রামের পুরোনো বাড়িতে যায়। সেখানে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করে। ওই দিন সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিলেন না। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরদিন ১-এপ্রিল দুপুরের পর স্থানীয়দের মাধ্যমে পরিবার জানতে পারে, কুশিয়ারা নদীতে একটি শিশুর মরদেহ ভাসছে। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে সামিরুনের মরদেহ শনাক্ত করেন। মামলার এজাহারে উল্লেখ রয়েছে, মরদেহটির হাত ও পা বাঁধা অবস্থায় ছিল। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে ২ এপ্রিল আজমিরীগঞ্জ থানায় মামলা করেন। দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় করা মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করে।

পরে পিবিআইয়ের তফসিলভুক্ত হওয়ায় ৪ মে সংস্থাটি মামলার তদন্তভার গ্রহণ করে। তদন্তের দায়িত্ব পান পুলিশ পরিদর্শক মৃনাল দেবনাথ। মামলাটি নিয়ে গত জুলাই মাসে স্থানীয় পর্যায়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে লিটনের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর পিবিআইয়ের অভিযানে তাঁর গ্রেপ্তারকে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, সামিরুনকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ ও সন্দেহ প্রকাশ করেছেন পরিবারের সদস্য এবং স্থানীয়রা। তবে এ অভিযোগের সত্যতা তদন্তে নিশ্চিত হওয়া প্রয়োজন।


গ্রেফতার লিটনের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁকে অপরাধী হিসেবে গণ্য করার সুযোগ নেই। শিশু সামিরুনের হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না এবং কীভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এসব প্রশ্নের উত্তর এখন পিবিআইয়ের তদন্তে বেরিয়ে আসার অপেক্ষায় রয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]