কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়তে পারেন হ্যাজলউড

আপলোড সময় : ২১-১১-২০২৬ ১২:৪৪:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০১:১৬:৫০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

স্যান্ডপেপার-কাণ্ড যেন পিছুই ছাড়ছে না ক্রিকেট অস্ট্রেলিয়ার। এ ঘটনায় এখন পক্ষ দুটি। একপক্ষের দাবি স্যান্ডপেপার নিয়ে জানতেন দলের সব খেলোয়াড়ই, আরেক পক্ষ বলছে শুধু ৩ জনই জানতেন এ ঘটনা। উসমান খাজা নিজের আত্মজীবনীতে প্রথমবার দলের সব খেলোয়াড়ই জানতেন দাবি করলে ডেভিড ওয়ার্নারসহ তিন ক্রিকেটার তার পক্ষে মুখ খুলেছেন। তবে এই দাবির বিপরীতে অবস্থান নেওয়া প্যাট কামিন্সের দলে যোগ দিলেন জশ হ্যাজলউড।

 

‘নিউজ কর্প’-কে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাজলউড প্রথমবারের মতো এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর এই ইস্যুতে জড়িয়ে পড়ে পুরো অস্ট্রেলিয়ান ক্রিকেট। এরপর ৬৮ মিনিটের সংবাদ সম্মেলনে খাজার সমালোচনা ও তার দাবি শতভাগ মিথ্যা বলে উড়িয়ে দেন কামিন্স। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিষয়টি নিয়ে পুনঃতদন্ত না করার কথা জানালেও, তারা সবার অভিজ্ঞতা জানতে স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দিয়েছে। এদিকে, স্যান্ডপেপার-কাণ্ডে অভিযুক্ত ব্যানক্রফট সাড়ে ৪ হাজার শব্দের লেখায় খাজার সুরে ‘দলের সবাই বিষয়টি জানত’ বলে জানিয়েছেন।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য সিডনিতে প্রস্তুতি নিচ্ছেন হ্যাজলউড। এরই ফাঁকে চলমান স্যান্ডপেপারগেট বিতর্ক নিয়ে ডানহাতি এই তারকা পেসার বলেছেন, ‘মনে হচ্ছে গত কয়েক দিন ধরে বিভিন্ন দিক থেকে যেন একযোগে চাপ সৃষ্টি করা হচ্ছে। আমি প্যাটকে সমর্থন জানাতে চাই, গত সপ্তাহে তার সংবাদ সম্মেলনে সে যা যা বলেছে, এবং বিশেষ করে গত পাঁচ-ছয় বছর ধরে অধিনায়ক হিসেবে সে যা কিছু করেছে, তার সবকিছুর পাশেই আমি আছি।’ 

 

অস্ট্রেলিয়া দলে কামিন্সের ভূমিকা জানিয়ে হ্যাজলউড বলেন, ‘দলটিকে বর্তমান অবস্থানে নিয়ে আসা, যেখানে ভবিষ্যতে এমন ঘটনা (স্যান্ডপেপার কেলেঙ্কারির মতো কিছু) ঘটার আর কোনো অবকাশই নেই; আমার মতে এটি সত্যিই অসাধারণ এক কাজ। সে দারুণ একজন নেতা। দলের সবার কাছে জানতে চাইলে আপনি একই উত্তর পাবেন। আমার মনে হয়, (আসন্ন নিউজিল্যান্ড সিরিজে) প্রথম টেস্টে আমরা যদি মাঠে নামতাম আর তখন তিনি অধিনায়ক না থেকে অন্য কেউ অধিনায়ক থাকতেন, তবে সত্যি বলতে পরিস্থিতিটা কেমন হতো তা আমার জানা নেই।’

 

এরই মাঝে কামিন্সকে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে গুঞ্জন ওঠে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাকে সমর্থন দিয়ে যাচ্ছে শুরু থেকেই। এমনকি টেস্টের নেতৃত্বে তাকে বহাল রাখার আনুষ্ঠানিক ঘোষণাও আসতে পারে। এদিকে, কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হলে নিজের খেলার বিষয়টি নিয়ে পুনরায় ভাববেন বলে জানিয়েছেন হ্যাজলউড, ‘আমার মনে হয়, এমন পরিস্থিতি তৈরি হলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। বিষয়টি নিয়ে অবশ্যই ভাবতে হবে।’

 

স্যান্ডপেপার ব্যবহারের ঘটনা ও নিজের সম্পৃক্ত থাকার বিষয়ে এই পেসার বলেন, ‘কেপটাউনের ঘটনার ঠিক পরপরই আমাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। দুই-তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদে আমি যা বলেছি, তার ওপরই আমার সবচেয়ে বেশি আস্থা আছে, কারণ ঘটনাটি ঘটার এক বা দুই দিনের মধ্যেই তা বলা হয়েছিল। তখন বিষয়টি আমার মনে একদম সতেজ ছিল। এখন পর্যন্ত যা কিছু বলা হয়েছে, তার মধ্যে দুটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনার নেপথ্যে কি আমার কোনো ভূমিকা ছিল? দ্বিতীয়ত, মাঠে স্যান্ডপেপার বা অন্য কোনো বহিরাগত বস্তু ব্যবহারের বিষয়টি কি আমার জানা ছিল? এর উত্তর হলো-না।’

 

খাজা-ব্যানক্রফটের বলা ‘সবাই জানত’ বিষয়টির মাঝে সূক্ষ্ম ফাঁকা জায়গা আছে বলে দাবি হ্যাজলউডের, ‘আমার মনে হয়, মূল আলোচনার ক্ষেত্রে এই দুটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। “সবাই জানে” বলে ধরে নেওয়া আর “সবাই যে জানে” তা নিশ্চিতভাবে জানা- এই দুটির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এটি একটি বড় ব্যবধান।’

 

এ ছাড়া আম্পায়ারদের সীমানা দড়ির কাছে বল ফেলে রাখা কিংবা সেখান থেকে নিয়ে তাতে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানতেন না বলে উল্লেখ করেন হ্যাজলউড। এ ছাড়া ব্যানক্রফট তার লেখায় বলেছিলেন, স্যান্ডপেপার ব্যবহারের পর বল রিভার্স সুইং হচ্ছে কি না তা জানতে বোলারদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। সেই প্রসঙ্গে হ্যাজলউড বলছেন, ‘এটি আমাদের স্বাভাবিক কথোপকথন। রিভার্স সুইং নিয়ে যে আমাদের কথা হয়েছে সন্দেহ নেই। কিন্তু তার বক্তব্যে এমন কোনো বিষয় নেই যেখানে তিনি বলছেন, “ওহ, আমি এটা স্যান্ডপেপার দিয়ে করছি।”

 

তিনি আরও বলেন, ‘টেস্ট ক্রিকেটে বলের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই ধরনের পরিস্থিতিতে। তবে তিনি স্যান্ডপেপার বা মাঠের ভেতর অন্য কোনো বস্তু নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেননি। তিনি কেবল বলের ভালো যত্ন নেওয়ার বিষয়টিই বুঝিয়েছেন।’ এ ছাড়া দলীয়ভাবে স্যান্ডপেপার ব্যবহার নিয়ে আগে আলোচনার মতো কিছু জানতেন না বলেও দাবি হ্যাজলউডের, ‘সত্যি বলতে এমন কোনো কথোপকথন আদৌ হয়েছে কি না, সে বিষয়ে আমি কিছু বলতে পারব না। এ ব্যাপারে আমার কোনো ধারণাই নেই।’

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]