নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গুলশান পূর্ব থানার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
সমাবেশে সভাপতিত্ব করেন গুলশান পূর্ব থানা আমীর মোঃ জিল্লুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সুযোগ মানুষকে স্বার্থবাদী ও দুর্নীতিগ্রস্ত করে তুলতে পারে। এজন্য মানুষের মধ্যে আল্লাহর প্রতি ঈমান,তাঁর সাহায্য কামনা এবং নৈতিক মূল্যবোধ থাকা অত্যন্ত জরুরি। দুনিয়ার কোনো কিছুই স্থায়ী নয়। এমপি, মন্ত্রীত্ব কিংবা ক্ষমতা কোনোটিই চিরস্থায়ী নয়। তাই দায়িত্বশীলদের আত্মকেন্দ্রিক না হয়ে সংগঠনের কর্মীদের খোঁজখবর রাখা, তাদের পাশে দাঁড়ানো এবং সাংগঠনিক কার্যক্রম আরও মজবুত করার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের অন্যতম পথ হলো জুলাই সনদ বাস্তবায়ন। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া চলমান রাজনৈতিক সংকট মোকাবিলা করা সম্ভব নয়।
তিনি বলেন, আমরা এই সরকারকে বলবো, মুখে ঐক্যের কথা নয়, বাস্তবে জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করুন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করছে। এ পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
তিনি বলেন, দেশের এই সংকট থেকে উত্তরণে জুলাই সনদ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়। তাই বর্তমান সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা মহানগরী উত্তর আরও ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেওয়া হবে, ইনশাআল্লাহ।