আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি-
বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা সংক্রান্ত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিসরুল হামিদ ফুতু (৫৫) ও উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টিকে (৫৬) আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌরসভার হলুদঘর এলাকার নিজ নিজ বাসা থেকে তাঁদের আটক করা হয়।আটক নিসরুল হামিদ ফুতু হলুদঘর এলাকার মেহের আলী মাস্টারের ছেলে এবং শাহিনুর রহমান মন্টি একই এলাকার মৃত জলিলুর রহমানের ছেলে।
আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘি উপজেলা সদরের তালশন কালীবাড়ি মোড় এলাকায় একটি চায়ের দোকানের পেছনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী সমবেত হয়েছেন—এমন গোপন সংবাদ পায় পুলিশ। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, মহাসড়কে যানবাহন ভাঙচুর, মহাসড়কের ক্ষতিসাধন এবং সরকারি স্থাপনা বিনষ্ট করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার অভিযোগ ছিল।
পরে ওই স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানকে একটি ১৫ ফুট দীর্ঘ ব্যানারসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা-সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম ওই দুই নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।