নিজস্ব প্রতিবেদক
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে অবস্থিত বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালাবদ্ধ স্টোররুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। আকস্মিক আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে শিক্ষার্থীরা। পরে শিক্ষক, অভিভাবকসহ স্থানীয়রা শিশু শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এই আগুনের সূত্রপাত। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের দ্বিতীয় ভবনের নিচতলা ও প্রথম তলার ছয়টি কক্ষে পাঠদান চলছিল। হঠাৎ ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করেন আশপাশের লোকজন। এ সময় শিক্ষক ও অভিভাবকেরা মিলে দ্রুত শ্রেণিকক্ষ থেকে শিশুদের বাইরে বের করে আনেন। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছোটাছুটি শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ভবনের দ্বিতীয় তলার ছাদে ওঠার সিঁড়ি-সংলগ্ন একটি তালাবদ্ধ স্টোররুমে (চিলেকোঠার কক্ষ) আগুনের সূত্রপাত হয়। ওই কক্ষে রাখা বেশ কয়েকটি প্লাস্টিকের বেঞ্চ ও টেবিল পুড়ে গেছে। তবে আগুন অন্য কোনো কক্ষে ছড়াতে পারেনি।
স্থানীয় অভিভাবক অনিক মাহমুদ বলেন, রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ শোরগোল শুনে স্কুলের ওপরের দিকে তাকিয়ে দেখি আগুন। সবাই মিলে দৌড়ে গিয়ে বাচ্চাদের নিচে নামিয়ে দিই। পরে ওপরে উঠে দেখি, ছাদে ওঠার সিঁড়ির দরজা-সংলগ্ন তালাবদ্ধ রুমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিভিয়ে ফেলে।
আরেক অভিভাবক আশরাফুল ইসলাম জানান, চিলেকোঠার ওই কক্ষে কীভাবে আগুন লেগেছে তা কেউ জানেন না, তবে ভেতরের বেঞ্চগুলো পুড়ে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা পারভিন জানান, হঠাৎ আগুন দেখে স্থানীয় লোকজন চিৎকার শুরু করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই কক্ষের বেঞ্চ ও টেবিল পুড়ে গেছে। বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়েছিল। ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন। তাদের সঙ্গে কথা বলে অভিভাবকের মাধ্যমে শিক্ষার্থীদের বাসায় পাঠিয়ে দিয়েছি। তিনি আরও বলেন, ঘটনার সময় বিদ্যালয়ে বিদ্যুৎ ছিল না। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।
মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মশিউর রহমান জানান, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং আগুন নেভানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়।