ছাগলকাণ্ডের মতিউর ও তার প্রথম স্ত্রীর বি'রু'দ্ধে চার্জশিট অনুমোদন

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৫:৫৮:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৬:০০:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চার্জশিটে লায়লা কানিজের বিরুদ্ধে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। এসব সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে মতিউর রহমানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। দুদক জানায়, অনুসন্ধানে লায়লা কানিজের নামে মোট ১৭ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৩৩২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ১৫ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৬৪২ টাকার সম্পদের হিসাব দেখিয়েছিলেন। এতে ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। দুদক আরও জানায়, লায়লা কানিজ সম্পদ বিবরণীতে তার স্থাবর সম্পদের মূল্য ৭ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৫৭৫ টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য ৮ কোটি ২৮ লাখ ৭৪ হাজার ৬৭ টাকা দেখান। কিন্তু যাচাইয়ে স্থাবর সম্পদের মূল্য ৮ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৫৭৫ টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য ৮ কোটি ৭৪ লাখ ১৯ হাজার ৭৫৭ টাকা পাওয়া যায়। তিনি সম্পদ বিবরণীতে কোনো দায়-দেনা দেখাননি। দুদকের অনুসন্ধানে আরও দেখা যায়, ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত লায়লা কানিজের আয়কর নথিতে মোট ১৯ কোটি ৮ লাখ ৪৪ হাজার ৮৫৪ টাকা আয় দেখানো হয়েছে।

এর মধ্যে কৃষি ও মৎস্য খাতের আয় এবং স্বামী ও মেয়ের কাছ থেকে পাওয়া অর্থও রয়েছে। তবে এসব আয়ের মধ্যে ১১ কোটি ৪৭ লাখ ৭৯ হাজার ৬৬০ টাকার বৈধ উৎসের পক্ষে কোনো দালিলিক প্রমাণ অনুসন্ধান দলের কাছে জমা দিতে পারেননি তিনি। ওই অর্থের উৎস সম্পর্কেও কোনো ব্যাখ্যা দেননি। এজাহারের হিসাব অনুযায়ী, লায়লা কানিজের গ্রহণযোগ্য আয় ৭ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ১৯৪ টাকা। এর বিপরীতে তার পারিবারিক ও অন্যান্য ব্যয় ৩ কোটি ৩০ লাখ ৩৭ হাজার ৯৬৮ টাকা। ফলে তার সঞ্চয় বা বৈধ উৎসের অর্থ দাঁড়ায় ৪ কোটি ৩০ লাখ ২৭ হাজার ২২৬ টাকা। কিন্তু অনুসন্ধানে তার মোট সম্পদ পাওয়া যায় ১৭ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৩৩২ টাকার। এ হিসাবে তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকা। দুদকের অভিযোগ, লায়লা কানিজ অসৎ উদ্দেশ্যে সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সম্পদের তথ্য গোপন করেছেন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। অন্যদিকে, তার স্বামী মতিউর রহমান এসব সম্পদ অর্জনে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন। এ ঘটনায় লায়লা কানিজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় এবং মতিউর রহমানের বিরুদ্ধে একই আইনের সংশ্লিষ্ট বিধান ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। এজাহারে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারার কথাও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মতিউর রহমান জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও আবগারি বিভাগের সাবেক সদস্য। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]